Image description

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সেনাদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হোটেলগুলোকে লক্ষ্যবস্তু করা হবে বলে সতর্ক করেছে ইরানের সামরিক বাহিনী।

শুক্রবার (২৭ মার্চ) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।  

ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুলফজল শেখারচি বলেছেন, যখন আমেরিকান সেনা একটি হোটেলে প্রবেশ করে, তখন আমাদের দৃষ্টিকোণ থেকে সেই হোটেলটি আমেরিকান হয়ে যায়। আমরা শুধু দাঁড়িয়ে থেকে আমেরিকানদের আমাদের উপর আঘাত হানতে দেব না। তারা যেখানেই থাকুক না কেন, আমাদেরও আঘাত হানতে হবে।

এর আগে, বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মার্কিন সৈন্যদের বিরুদ্ধে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) দেশগুলোর জনগণকে মানব ঢাল হিসেবে ব্যবহার করার অভিযোগ করেছেন।

এক 'এক্স' পোস্টে আরাঘচি দাবি করেন, এই যুদ্ধের শুরু থেকেই মার্কিন সৈন্যরা জিসিসি-ভুক্ত সামরিক ঘাঁটিগুলো থেকে পালিয়ে হোটেল ও অফিসগুলোতে লুকিয়েছে। পাশাপাশি এ অঞ্চলের হোটেলগুলোতে আমেরিকান সেনাদের বুকিং প্রত্যাখ্যান করার আহ্বান জানান তিনি।