যুক্তরাষ্ট্রের ১৬৫ বছরের দীর্ঘকালীন প্রথা ভেঙে দেশটির কাগজের মুদ্রায় এই প্রথমবারের মতো কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের স্বাক্ষর যুক্ত হতে যাচ্ছে। শুক্রবার (২৭ মার্চ) মার্কিন ট্রেজারি বিভাগ এক ঘোষণায় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী বা ‘সেমিকুইনসেন্টেনিয়াল’ উদযাপন উপলক্ষে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর সংবলিত নতুন ডলার বাজারে ছাড়া হবে।
মার্কিন অর্থ দপ্তর জানিয়েছে, আগামী জুন মাস থেকে নতুন নকশার ১০০ ডলারের নোট ছাপানো শুরু হবে এবং পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে তা সাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে। এই নতুন মুদ্রায় প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরের পাশাপাশি ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের স্বাক্ষরও থাকবে। ১৮৬১ সালে ফেডারেল কারেন্সি বা মার্কিন ডলার প্রবর্তনের পর ট্রাম্পই হতে যাচ্ছেন প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট, যাঁর স্বাক্ষর সরাসরি ব্যাংকনোটের ওপর স্থান পাচ্ছে।
এই সিদ্ধান্তের ফলে ডলারের নকশায় একটি বড় পরিবর্তন আসছে। গত দেড় শতাব্দী ধরে মার্কিন ব্যাংকনোটগুলোতে ‘ট্রেজারার’-এর স্বাক্ষর থাকার যে অবিচ্ছিন্ন ধারা ছিল, তা এই নতুন সিরিজে সরিয়ে ফেলা হচ্ছে। বর্তমান ট্রেজারার ব্র্যান্ডন বিচ এই পদক্ষেপকে সমর্থন করে জানিয়েছেন, এটি প্রেসিডেন্টের নেতৃত্ব এবং দেশের প্রতি তাঁর নিবেদনের প্রতীক। উল্লেখ্য, সাবেক ট্রেজারার লিন মালেরবা ছিলেন সেই দীর্ঘ ধারার শেষ প্রতিনিধি। তবে বর্তমানে প্রচলিত জ্যানেট ইয়েলেন ও লিন মালেরবার স্বাক্ষরযুক্ত নোটগুলোও নতুন সিরিজের পাশাপাশি বাজারে চালু থাকবে।
ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলেন, দেশের ঐতিহাসিক অর্জন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অবদানকে স্বীকৃতি দেওয়ার এটি একটি শক্তিশালী মাধ্যম। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এটি প্রেসিডেন্টের কৃতিত্ব জনমানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। ইতিপূর্বে একটি ফেডারেল আর্টস প্যানেল ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ট্রাম্পের ছবি সংবলিত একটি স্মারক স্বর্ণমুদ্রার নকশাও অনুমোদন করেছে।
বিদ্যমান মার্কিন আইন অনুযায়ী, ট্রেজারি বিভাগ মুদ্রার নিরাপত্তা বৈশিষ্ট্য বৃদ্ধির জন্য নকশা পরিবর্তনের ক্ষমতা রাখে। তবে ‘ইন গড উই ট্রাস্ট’ কথাটি এবং মৃত ব্যক্তিদের প্রতিকৃতি ব্যবহারের নিয়ম অপরিবর্তিত রাখতে হয়। ফলে নোটের মূল নকশা ও ছবিগুলো আগের মতোই থাকছে, শুধু ট্রেজারারের স্বাক্ষরের জায়গায় ট্রাম্পের স্বাক্ষর প্রতিস্থাপিত হবে। যদিও জীবিত কোনো ব্যক্তির ছবি মুদ্রায় ব্যবহার করা আইনত নিষিদ্ধ হওয়ায় ট্রাম্পের ছবিযুক্ত ১ ডলারের সাধারণ কয়েন বাজারে আনার বিষয়টি আইনি বাধার মুখে পড়েছে, তবে কাগজের নোটে স্বাক্ষরের ক্ষেত্রে এমন কোনো বাধা নেই।
সূত্র: রয়টার্স