ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে ঘিরে বিতর্ক থামছেই না, আর সেই আগুনেই এবার ঘি ঢাললেন অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো। ব্রাজিল মিডফিল্ডারের দাবি—ফিট থাকলে নেইমার শুধু দলে জায়গা পাওয়ার মতো নন, তিনি মেসি-রোনালদোর কাতারের খেলোয়াড়, বরং ‘অপরিহার্য’।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কাসেমিরো বলেন, ‘আমাদের প্রজন্মে নেইমার অবশ্যই সেরা তিনজনের একজন—ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি এবং নেইমার।’
ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার আরও জানান, নেইমারের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই, তবে তাকে দলে নেওয়ার সিদ্ধান্ত কোচের। ‘সে আমার ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু কাকে দলে নেওয়া হবে সেটা পুরোপুরি কোচের বিষয়,’ যোগ করেন তিনি।
ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলে হারের পর ম্যাচ বিশ্লেষণেও কথা বলেন কাসেমিরো। তার মতে, দ্বিতীয়ার্ধে ব্রাজিল কিছুটা ভালো খেললেও আক্রমণে ধার ছিল না। ‘আমরা দ্বিতীয়ার্ধে ম্যাচে নিয়ন্ত্রণ ফিরিয়ে এনেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত কিছু একটা কম ছিল। বল দখলে রেখে আরও আক্রমণাত্মক হতে হতো,’ বলেন তিনি।