Image description

ইরান যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি একমাত্র হেগসেথই বলেছিলেন, চলুন ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করি।

 

মঙ্গলবার (২৪ মার্চ) ইন্ডিপেন্ডেন্ট এ সংবাদ প্রকাশ করে।

 

এর আগে সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের দায় হেগসেথের ওপর চাপানোর চেষ্টা করেন। টেনেসির মেমফিসে জাতীয় সামরিক ও আইন প্রয়োগকারী নেতাদের জন্য আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ২৮ ফেব্রুয়ারি ‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর পূর্ববর্তী পরিস্থিতি সম্পর্কে বলেন। তিনি জানান, আমি পিট হেগসেথকে ফোন করেছিলাম, আমি জেনারেল (ড্যান) কেইনকে ফোন করেছিলাম এবং আমি আমাদের অনেক অসাধারণ মানুষকে ফোন করেছিলাম। আমাদের (প্রশাসনে) অনেক যোগ্য মানুষ আছে। তাদেরকে আমি বলেছিলাম, ‘চলুন আমরা আলোচনা করি।’

 

ওই আলোচনার সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে আমাদের একটি সমস্যা আছে। ইরান নামে একটি দেশ আছে, যারা ৪৭ বছর ধরে কেবল সন্ত্রাসের জোগানদাতা এবং তারা পারমাণবিক অস্ত্র অর্জনের খুব কাছাকাছি। আমরা মধ্যপ্রাচ্যের এ সমস্যার সমাধান করতে পারি।

 

ট্রাম্প জানান, ওই আলোচনার সময় একমাত্র হেগসেথই বলেছিলেন - চলুন ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করি। তাদের পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না।

 

এরপর ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয় ইরান যুদ্ধ। এখন এ সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দাবি করেছেন যে, ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। কিন্তু, ইরান সরকার এ দাবি অস্বীকার করেছে।

 

ট্রাম্পের সঙ্গে কোনো আলোচনা হয়নি দাবি করে গালিবফ বলেন, ইরান সরকারের কেউ যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলেনি। হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার কারণে সৃষ্ট আর্থিক ক্ষতি প্রশমিত করার চেষ্টা করছেন ট্রাম্প। আর্থিক ও জ্বালানি তেলের বাজারকে প্রভাবিত করতে এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল যে চোরাবালিতে আটকা পড়েছে তা থেকে বাঁচতে ভুয়া খবর ব্যবহার করা হচ্ছে।