ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর পুনরায় হামলা না চালাতে ইসরায়েলকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি হামলার জেরে যখন জ্বালানি বাজারে অস্থিরতা তীব্র হচ্ছে, তখনই এই বার্তা দিলেন তিনি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, তিনি সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বলেছেন ইরানের গ্যাস স্থাপনায় হামলা পুনরাবৃত্তি না করতে। ট্রাম্পের ভাষায়, ‘আমি তাকে বলেছি, এটা করো না—এবং সে আর এটা করবে না।’
এর আগে ইসরায়েলের হামলায় ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্র ক্ষতিগ্রস্ত হলে তেহরান পাল্টা প্রতিক্রিয়ায় কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে হামলা চালায়, যা বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি প্রক্রিয়াজাত কেন্দ্র। এতে কাতারের উল্লেখযোগ্য গ্যাস উৎপাদন ব্যাহত হয়েছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের চাপ তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে তেলের দাম এক পর্যায়ে প্রায় ১০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়, যদিও পরে কিছুটা কমে আসে। ইউরোপীয় গ্যাসের দামও দ্রুত বাড়ছে, যা বিশ্ব অর্থনীতিতে নতুন করে মুদ্রাস্ফীতির আশঙ্কা তৈরি করছে।