Image description

ইরানে ইসরায়েলের হামলার বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, আমরা সবাই জানি যে প্রথমে গাজা, তারপর ইয়েমেন ও লেবানন এবং অতি সম্প্রতি ইরানকে লক্ষ্য করে চালানো হামলাগুলো শুধু নিরাপত্তা উদ্বেগের কারণে সংঘটিত হয়নি। ইসরায়েল এমন একটি নেটওয়ার্ক দ্বারা পরিচালিত হয় যারা নিজেদের অন্যদের চেয়ে শ্রেষ্ঠ মনে করে। তাদের কর্মকাণ্ড (মধ্যপ্রাচ্য) অঞ্চলটিকে বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে।

 

মঙ্গলবার (১৭ মার্চ) এরদোয়ান এ মন্তব্য করেন বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

 

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নির্মিত বৈশ্বিক ব্যবস্থা একটি ঐতিহাসিক ভাঙনের মধ্য দিয়ে যাচ্ছে। এমন এক সময়ে এসব (সংঘাতের) ঘটনা ঘটছে। এখন বিশ্ব জনমতের কাছে প্রকৃত তথ্য স্পষ্টভাবে তুলে ধরতে হবে। ইসরায়েল এমন একটি নেটওয়ার্ক দ্বারা পরিচালিত হয় যারা নিজেদেরকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ মনে করে। তাদের কর্মকাণ্ড (মধ্যপ্রাচ্য) অঞ্চলটিকে বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে।

 

তিনি বলেন, আমরা সবাই জানি যে প্রথমে গাজা, তারপর ইয়েমেন ও লেবানন এবং অতি সম্প্রতি ইরানকে লক্ষ্য করে চালানো হামলাগুলো শুধু নিরাপত্তা উদ্বেগের কারণে সংঘটিত হয়নি। এখন ইসরায়েল সম্পূর্ণ খেয়ালখুশি মতো এবং কোনো কর্তৃত্ব ছাড়াই আমাদের প্রথম কেবলা, আল-আকসা মসজিদকে ১৭ দিন ধরে মুসলিম মুসল্লিদের জন্য বন্ধ রেখেছে। (ইসরায়েলিদের) প্রতিশ্রুত ভূমির উচ্চাকাঙ্ক্ষা থেকে শুরু করে মহাপ্রলয়ের দৃশ্যকল্প পর্যন্ত বিভিন্ন আখ্যানের সমান্তরাল প্রচার স্পষ্টতই ইচ্ছাকৃত। এসব বিষয় কাকতালীয় নয়।

 

এরদোয়ান বলেন, (ইসরায়েলিদের) চাপিয়ে দেওয়া এজেন্ডা থেকে মুক্ত হওয়া আমাদের জন্য অপরিহার্য। (মধ্যপ্রাচ্যে চলমান) এই বর্বরতা ও এই উন্মত্ত অবস্থাকে বিশ্বের কাছে এমনভাবে তুলে ধরতে হবে যাতে করে তার একটি প্রভাব পড়বে।