Image description

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে আলোচনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যে দেশগুলো তাদের জাহাজের নিরাপদ যাতায়াত নিয়ে কথা বলতে আগ্রহী, তেহরান তাদের জন্য আলোচনার পথ খোলা রেখেছে। 

হরমুজ পার হতে ফ্রান্স ও ইতালির কূটনীতিকরা তাদের জাহাজের নিরাপত্তা নিয়ে ইরানের সঙ্গে যোগাযোগ করছেন কি না—এমন প্রশ্নের জবাবে আরাগচি সরাসরি কোনো দেশের নাম না নিলেও জানান, বেশ কিছু দেশ ইতোমধ্যে এই বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ করেছে।

আরাগচি আরও জানান, কোন জাহাজগুলো নিরাপদে পার হতে পারবে তা মূলত তাদের সামরিক বাহিনী ঠিক করবে। তিনি দাবি করেন, ইরান এই প্রণালিটি বন্ধ করেনি; বরং মার্কিন আগ্রাসনের কারণে সৃষ্ট অস্থিতিশীলতার ভয়ে জাহাজগুলো সচরাচর আসছে না। 

তিনি বলেন, ইরান নির্দিষ্ট কিছু দেশের জাহাজকে নিরাপদ ও সুরক্ষিতভাবে যাতায়াতের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং প্রয়োজনে তাদের নিরাপত্তা প্রদান করবে।

উল্লেখ্য, দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে হরমুজ প্রণালিতে ১০টির বেশি জাহাজ হামলার শিকার হয়েছে। বর্তমানে এই গুরুত্বপূর্ণ জলপথটি কার্যত বন্ধ থাকায় বিশ্বজুড়ে তেলের দাম লাফিয়ে বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে যুক্তরাজ্য, চীন ও ফ্রান্সের মতো দেশগুলোকে যুদ্ধজাহাজ পাঠিয়ে এই রুট সচল করার আহ্বান জানিয়েছেন। তবে ইরানের পক্ষ থেকে আলোচনার এই প্রস্তাব সংকট নিরসনে নতুন কোনো মোড় নেয় কি না, এখন সেটিই দেখার বিষয়।