Image description

ইসরায়েলের সর্ববৃহৎ বিমানবন্দর বেন গুরিয়ন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তেল আবিব শহরজুড়ে পরপর পাঁচটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনার পর কর্তৃপক্ষ এই জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে।

রোববার (১৫ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়া নিউজ।

তেল আবিবজুড়ে পাঁচটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যার ফলে ভবনগুলো কেঁপে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ইসরায়েলি চ্যানেল ১২ জানিয়েছে, উত্তর ইসরায়েলের মেতুলা শহরেও তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছে।

এ ছাড়া ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, উত্তর ইসরায়েলের উচ্চ গ্যালিলির আভিভিম এলাকায় বিমান হামলার সাইরেন বেজে উঠেছে।

এদিকে ১৬ দিন ধরে চলমান যুদ্ধে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার তীব্র ঘাটতি দেখা দিয়েছে বলে সংবাদ প্রতিবেদনগুলো দাবি করছে। মার্কিন সংবাদমাধ্যম সেমাফোর জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে সতর্ক করে ইসরায়েল জানিয়েছে, তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার তীব্র ঘাটতি অনুভব করছে। ইরান ও লেবাননের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে এই সতর্কতা জারি করা হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ সেমাফোরের কথা উল্লেখ করে উল্লেখ করে এক প্রতিবেদনে জানিয়েছে, এই ঘাটতি প্রত্যাশিত ছিল। তবে যুক্তরাষ্ট্র একই ধরনের ঘাটতির মুখোমুখি হচ্ছে না। এই অঞ্চলে তার সামরিক ঘাঁটি এবং কর্মীদের সুরক্ষার জন্য পর্যাপ্ত ইন্টারসেপ্টর বজায় রেখেছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।