Image description

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত ১৫তম দিনে পৌঁছেছে। এই সংঘাতের মধ্যে দেশটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে, যেখানে এখন পর্যন্ত ২০০ জনের বেশি শিক্ষক ও শিক্ষার্থী নিহত হয়েছেন।

শনিবার (১৪ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি। তিনি জানান, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ২০০ জনের বেশি শিক্ষক ও শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন এবং হামলায় প্রায় ১২০টি স্কুল গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় এখন পর্যন্ত ২০৬ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত এবং ১৬১ জন আহত হয়েছেন।

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে দেশজুড়ে অন্তত ৪২ হাজার ৯১৪টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৬ হাজার ১৭৯টি বাণিজ্যিক স্থাপনা এবং ৩৬ হাজার ৪৮৯টি আবাসিক ভবন রয়েছে। শুধু রাজধানী তেহরানেই প্রায় ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংস্থাটি আরও জানায়, সংঘাতের সময় দেশজুড়ে অন্তত ১৬০টি চিকিৎসা, স্বাস্থ্য ও জরুরি সেবা কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে ইরানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।