ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত একটি ইতালীয় সামরিক ঘাঁটিতে রাতে বিমান হামলা হয়েছে বলে বৃহস্পতিবার ইতালির প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রথমে এটিকে ইরবিলে ইতালীয় ঘাঁটির ওপর ক্ষেপণাস্ত্র হামলা বলে উল্লেখ করেছিল। পরে মন্ত্রণালয়ের সূত্রগুলো জানায়, এটি আসলে একটি ড্রোন ছিল, যা সম্ভবত দুর্ঘটনাবশত একটি সামরিক যান ধ্বংস করেছে।
এক্সে দেওয়া বার্তায় মন্ত্রণালয় জানিয়েছে, ‘ইতালীয় সেনাদের মধ্যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সবাই নিরাপদ আছে।’
মন্ত্রণালয়ের সূত্রগুলো আরো জানায়, ড্রোনটি ইচ্ছাকৃতভাবে ইতালীয় ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়নি, বরং উচ্চতা হারানোর পর দুর্ঘটনাবশত সেখানে আঘাত হানতে পারে।
ঘাঁটির কমান্ডার কর্নেল স্টেফানো পিজ্জোত্তি সম্প্রচারমাধ্যম স্কাই টিজি২৪-কে জানিয়েছেন, হামলার কয়েক ঘণ্টা আগে সম্ভাব্য আকাশ হামলার সতর্কবার্তা দেওয়া হয়েছিল এবং সেনারা তখন বাংকারে আশ্রয় নিয়েছিলেন।
তিনি উল্লেখ করেন, হামলাটি কোথা থেকে এসেছে তা এখনো জানা যায়নি। বিমান হামলার সতর্কতা শেষ হলেও বিশেষজ্ঞরা এখনো এলাকা পরীক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার কাজ করছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুযায়ী, ইরবিলে প্রায় ৩০০ ইতালীয় সেনা মোতায়েন রয়েছে, যারা কুর্দি নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে।
তবে পিজ্জোত্তির মতে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধের ঝুঁকির কারণে সম্প্রতি সেখানে সেনা সংখ্যা কিছুটা কমানো হয়েছে।