বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অসাবধানতায় রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ছাত্রকে ছাত্রী হিসেবে দেখানোর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এগুলো তাৎক্ষণিক সংশোধন করে পুনঃমুদ্রিত রেজিস্ট্রেশন কার্ড শিক্ষাপ্রতিষ্ঠানে সরবরাহের ব্যবস্থা করা হয়েছে বলেও জানানো হয়েছে। বোর্ডের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩ মার্চ কয়েকটি জাতীয়, আঞ্চলিক ও অনলাইন পত্রিকায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, বরিশাল এর উচ্চমাধ্যমিক পরীক্ষা-২০২৬ এর রেজিস্ট্রেশন কার্ডে Gender Coding এ Male এর স্থলে Female মুদ্রিত হওয়া শিরোনামে প্রকাশিত সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
আরও বলা হয়েছে, এ বিষয়টি কম্পিউটার শাখার কারিগরি ত্রুটি ও অনিচ্ছাকৃত ভুল, যা তাৎক্ষণিক সংশোধন করে পুনঃমুদ্রিত রেজিস্ট্রেশন কার্ড শিক্ষাপ্রতিষ্ঠানে সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বিগ্ন না হওয়ার জন্য অনুরোধ করা হলো। এ অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।