Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্যপদপ্রার্থী সর্ব মিত্র চাকমা অভিযোগ করেছেন, সোহরাওয়ার্দী উদ্যানে এক সাংবাদিকের ওপর ‘স্রেফ ইগোর বশে’ লাঠিচার্জ করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

পোস্টে সর্ব মিত্র চাকমা বলেন, সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় বাংলা নিউজের এক সাংবাদিকের ওপর অতর্কিত হামলা চালানো হয়। তিনি জানান, নাঈম নামে ওই সাংবাদিকের সঙ্গে দেখা হলে দেখা যায় তার মাথার একপাশ ফুলে গেছে।

তিনি দাবি করেন, পুলিশের কাছে কোনো মাদক না পাওয়া সত্ত্বেও নাঈমকে প্রশ্নে জর্জরিত করার চেষ্টা করা হয়। সর্ব মিত্র চাকমা আরও বলেন, সোহরাওয়ার্দী উদ্যান ১৪৪ ধারা জারিকৃত কোনো বিশেষ স্থান নয় যে সেখানে কেউ আসা-যাওয়া করতে পারবে না। ‘স্রেফ ইগোর বশে নাঈম ভাইয়ের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ,’—লেখেন তিনি।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নাঈম ভাইয়ের উচিত এই লাঠিয়াল বাহিনীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা।

একই পোস্টে তিনি মন্তব্য করেন, ঘন ঘন মাদকবিরোধী অভিযান চালানোর পরিবর্তে টেকসই সমাধানের দিকে অগ্রসর হওয়া প্রয়োজন।

সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন হওয়ায় এটি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থীদের জীবনকে বিভিন্নভাবে প্রভাবিত করে উল্লেখ করে সর্ব মিত্র চাকমা বলেন, সরকারের বিশেষত শিক্ষা মন্ত্রীর উচিত সোহরাওয়ার্দী উদ্যানকে মাদক সিন্ডিকেটমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং পথশিশুদের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা।