রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ‘মব’ করে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় আব্দুস সালাম নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রাজশাহী মহানগরের রাজপাড়া থানা বিএনপির স্থগিত কমিটির সহসভাপতি।
এ ঘটনায় অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) ও সেকশন অফিসার (অর্থ) মো. নাজমুল হোসাইন বাদী হয়ে রাজশাহীর সংশ্লিষ্ট থানায় মামলাটি করেন।
বুধবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান।
তিনি বলেন, মামলায় অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। ঘটনাস্থলের ভিডিও ও ছবি বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের ভিত্তিতে অন্যদেরও গ্রেপ্তার করা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আব্দুস সালাম রাজশাহী মহানগরের রাজপাড়া থানা বিএনপির স্থগিত কমিটির সহসভাপতি।
মামলার বাদী নাজমুল হোসাইন বলেন, মঙ্গলবারের ঘটনার পর রাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তিনি মামলা করেছেন। বুধবার সকালে পুলিশ একজনকে আটক করেছে বলে তিনি জানতে পেরেছেন। ওই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলেও জানান তিনি।
এর আগে মঙ্গলবার রামেবির উপাচার্যের কার্যালয়ে একদল লোক প্রবেশ করে তাকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ওঠে। এ সময় উপাচার্যের কাছ থেকে পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়া, তার কার্যালয়ের কার্যক্রমে বাধা এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসদাচরণের অভিযোগও ওঠে। ঘটনার ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
মামলার পর পুলিশ ঘটনার ভিডিও ফুটেজ ও বিভিন্ন ছবি সংগ্রহ করে জড়িতদের শনাক্তের কাজ শুরু করেছে। তদন্তে কারা ওই ঘটনায় সরাসরি জড়িত ছিলেন, তা বেরিয়ে আসবে বলে জানিয়েছে পুলিশ।