চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১১-১৬তম গ্রেডভুক্ত তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগের লিখিত পরীক্ষায় স্বাক্ষরের মিল না পাওয়ায় আব্দুর রহমান নামের এক চাকরি পরীক্ষার্থীকে বরখাস্ত করা হয়েছে।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টায় মুঠোফোনে দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন চবি রেজিস্টার (ভারপ্রাপ্ত) মো. হাছান মিয়া।
তিনি বলেন, চবির ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের কম্পিউটার ল্যাব সহকারী পদে একটি শূন্যপদের বিপরীতে লিখিত ও মৌখিক পরীক্ষা ছিল। এতে ১৭ জন প্রার্থী উপস্থিত হওয়ার কথা থাকলেও ১২ জন উপস্থিত ছিলেন।
তিনি বলেন, আজ বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে এই নিয়োগের লিখিত পরীক্ষা চলাকালে স্বাক্ষরের মিল না পাওয়ায় ১২জনের ভেতর এক প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর নথিপত্র যাচাই বাছাই শেষে তাকে বরখাস্ত করে ছেড়ে দেওয়া হয়। তবে পুলিশে তুলে দেওয়া হয়নি।