জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) শিক্ষার্থীদের কল্যাণ, নিরাপত্তা ও শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষ্যে উপাচার্যের কাছে ৯ দফা দাবিসংবলিত স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাবিপ্রবি শাখা।
সোমবার (২১ জুলাই) উপাচার্য বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় প্রশাসনের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিক্ষা, আবাসন, নিরাপত্তা ও বিভিন্ন সেবাসংক্রান্ত দীর্ঘদিনের সমস্যার দ্রুত সমাধানের আহ্বান জানানো হয়।
স্মারকলিপির দাবিগুলোর মধ্যে রয়েছে আবাসিক হলে রাজনৈতিক প্রভাবমুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়ায় সিট বরাদ্দ, ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা, ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সেবা চালু, অপরাজিতা হলের সামনে থাকা পাবলিক টয়লেট স্থানান্তর, বিশ্ববিদ্যালয় ক্যান্টিনে স্বাস্থ্যসম্মত ও সাশ্রয়ী মূল্যের খাবার সরবরাহ, প্রতিটি পরীক্ষার ফলাফল ৬০ কর্মদিবসের মধ্যে প্রকাশ, কেন্দ্রীয় লাইব্রেরিতে একাডেমিক বইয়ের পাশাপাশি বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধনসহ প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিমূলক বই সংযোজন, বিজয়-২৪ হলে প্রয়োজনীয় আসবাবপত্র ও সমৃদ্ধ পাঠাগারের ব্যবস্থা এবং স্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা।
ছাত্রশিবিরের পক্ষ থেকে বলা হয়, এসব দাবি বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ে নিরাপদ, শিক্ষাবান্ধব ও গবেষণাসমৃদ্ধ পরিবেশ গড়ে উঠবে। একই সঙ্গে শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে প্রশাসনের আন্তরিক ও কার্যকর উদ্যোগ প্রত্যাশা করা হয়।