Image description

দেশে চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের ভূমিকা এবং এই দুর্যোগের মধ্যেও এইচএসসি পরীক্ষা চালু রাখার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ।

সোমবার (১৩ জুলাই) নিজের ফেসবুক একাউন্টে ডাকসু জিএস বলেন, ‘এখন পর্যন্ত দেশের বন্যার পানিতে ডুবে অন্তত ৫১ জন মানুষের মৃত্যু হয়েছে। ৫টি বিভাগের লক্ষ লক্ষ মানুষ বর্তমানে ভয়াবহভাবে পানিবন্দি অবস্থায় অত্যন্ত অমানবিক দিন কাটাচ্ছেন। এই জাতীয় দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে উচিত ছিল দেশে জরুরি অবস্থা ঘোষণা করে হলেও সরকারের সকল ফোর্স, আইন-শৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে একটি সমন্বিত ও জাতীয় উদ্যোগে এই সংকট মোকাবেলা করা।’ 

সরকারের সমালোচনা করে এস এম ফরহাদ আরও বলেন, ‘সরকার সেদিকে কার্যকর মনোযোগ না দিয়ে, স্রেফ একগুঁয়েমির কারণে দেশের এই চরম সংকটকালেও এইচএসসি পরীক্ষা বহাল রেখেছে! দলীয় নেতাদের ভাবসাব দেখে মনে হচ্ছে দেশে তেমন কিছুই ঘটেনি; সবকিছু স্বাভাবিকভাবে জোরপূর্বক চালিয়ে নিয়ে যেতে পারলেই যেন বিরাট সফলতা।’

বন্যা পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন ডাকসু সাধারণ সম্পাদক। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এদিকে মিডিয়া পাড়াও এই জাতীয় সংকট নিয়ে সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছে। ৫১ জন মানুষের প্রাণহানি আর লাখ লাখ মানুষের এই চরম দুর্ভোগ যেন তাদের কাছে তেমন বড় কোনো ইস্যুই না!’

অবিলম্বে এইচএসসি পরীক্ষা স্থগিত করে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সর্বাত্মক রাষ্ট্রীয় পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান তিনি।