Image description

বাংলাদেশ কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়ার ১৪৪৭ হিজরি সনের দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে গড় পাসের হার ৮৯.৯৯ শতাংশ।

মঙ্গলবার (২৪ মার্চ) বোর্ডের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটি, পরীক্ষা মনিটরিং সেল, পরীক্ষা উপকমিটি ও নিরীক্ষকদের যৌথ সভায় এ ফল ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।

এবারের পরীক্ষায় মোট ২৩ হাজার ৮৮১ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে ছাত্র ১৫ হাজার ২৬৮, ছাত্রী ৮ হাজার ৬১৩ জন। সারা দেশে ২৫৯ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফলাফলে দেখা যায়, বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৪৯১ জন, অনুত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৩৯০ জন। এদের মধ্যে ছাত্র ১৪ হাজার ১৮৬ জন এবং ছাত্রী ৭ হাজার ৩০৫ জন। ছাত্রদের পাসের হার ৯২ দশমিক ৯১ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৮৪ দশমিক ৮১ শতাংশ।

বিভাগভিত্তিক ফলাফলে মুমতাজ (স্টার মার্ক) পেয়েছেন ছাত্র ১ হাজার ৪৭৮ জন, ছাত্রী ৯৭ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ছাত্র ৫ হাজার ৮০২ জন, ছাত্রী ১ হাজার ১৪৭ জন এবং মাকবুল (তৃতীয় বিভাগ) পেয়েছেন ছাত্র ২ হাজার ৩৪৭ জন এবং ছাত্রী ২ হাজার ৫৭২ জন।

পরীক্ষা প্রবিধি অনুযায়ী, ছাত্র ও ছাত্রী মেধাক্রম পৃথক করা হয়েছে। ছাত্র ও ছাত্রী প্রতি ৫০০ জনের বিপরীতে একজনকে মেধা তালিকায় নেওয়া হয়েছে। সে হিসেবে ছাত্রদের ক্ষেত্রে ৩১তম এবং ছাত্রীদের ক্ষেত্রে ১৭তম পর্যন্ত মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।