জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে অনলাইন কার্যকলাপের মাধ্যমে শত্রুকে সহায়তার অভিযোগে ৪৬৬ জনকে গ্রেপ্তার করেছে ইরানি পুলিশ। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ এ তথ্য জানিয়েছে।
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর এটি ইরানের অন্যতম বৃহত্তম নিরাপত্তা সংক্রান্ত অভিযান।
ইরানি গণমাধ্যম জানিয়েছে, এই মাসে ১ হাজারের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংবেদনশীল স্থানের ভিডিও ধারণ, অনলাইনে সরকারবিরোধী বিষয়বস্তু শেয়ার করা বা ‘শত্রুকে সহযোগিতা’ করার অভিযোগ রয়েছে।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে গোয়েন্দা ও প্রযুক্তিগত নজরদারির পর এসব গ্রেপ্তার করা হয়। এতে অভিযোগ করা হয়, এই ব্যক্তিরা অভ্যন্তরীণ অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টায় থাকা ‘শত্রু’ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন। সূত্র: রয়টার্স