Image description

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এছাড়া তিনি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি চবির ১৬ তম উপাচার্য ছিলেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে চট্টগ্রাম নগরের সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বরেণ্য এই অধ্যাপকের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারসহ চট্টগ্রামের শিক্ষাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে এই শিক্ষাবিদের বয়স ছিল ৭৫ বছর। তিনি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে পালন করেছেন। বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের এমবিএ প্রোগ্রামের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।

১৯৫১ সালের ১ মে চট্টগ্রাম জেলার সাতকানিয়া পৌরসভার ইছামতিকুল ৮ নম্বর ওয়ার্ডে জন্মগ্রহণ করেন আনোয়ারুল আজিম আরিফ। তার পিতা সাইদুর রহমান। ব্যক্তিগত জীবনে তিনি তিন পুত্র সন্তানের জনক ছিলেন। তাঁর স্ত্রী জান্নাতুন্নেছা একজন গৃহিণী।

শিক্ষাজীবনে তিনি ১৯৬৭ সালে সাতকানিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৬৯ সালে সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম থেকে এইচএসসি পাস করেন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে বি.কম ও এম.কম সম্পন্ন করেন। ১৯৮২ সালে ফিলিপাইন্স ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ ‘দ্য ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস’ থেকে এশিয়ার ‘বেস্ট বি স্কুল অ্যাওয়ার্ড ২০১২’-এ ‘বেস্ট প্রফেসর ইন স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট’ পদকে ভূষিত হন।

কর্মজীবনে তিনি ১৯৭৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন। পরবর্তীতে ২০০১ সালে একই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করেন। এরপর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালে তিনি ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন।