দেশের সংগীতাঙ্গনে তুমুল জনপ্রিয় গায়ক আসিফ আকবর। ক্যাসেট-সিডির আমলে অডিওতে রাজত্ব করা এই শিল্পী এখনও বেশ দাপুটে। তার মতো করেই গান প্রকাশ করে চলছেন।
সংগীতের পাশাপাশি রাজনীতি কিংবা খেলাধুলা নিয়ে সমসাময়িক ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় সময়ই নিজের মতামত প্রকাশ করেন। সেই ধারাবাহিকতায় এবার তিনি মধ্যপ্রাচ্যে চলা যুদ্ধ নিয়ে নিজের মতামত প্রকাশ করলেন।
শুক্রবার ( ৬ মার্চ) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আসিফ আকবর লেখেন, মধ্যপ্রাচ্যে চলা যুদ্ধ নিয়ে আমরা অসহায়। মিডিয়ার খবরে খুঁজতে হয় সত্যতা। মেইনস্ট্রিম মিডিয়াকে কোণঠাসা করে দোর্দণ্ড প্রতাপে এগিয়ে চলছে গুজব মিডিয়া। খবরের সত্যতা নিয়ে সবাই সন্দিহান, তবুও খবর নিচ্ছি।
হাতে অনেক সময় থাকায় জাতি হিসেবে আমরা পিঁপড়ার মতো সর্বভুক হয়ে গেছি উল্লেখ করে তিনি লেখেন, রোমহর্ষক ট্র্যাজেডির শিকার শিশু রিয়া থেকে শুরু করে গাজা, ইরানের সব ইস্যু সাময়িক হাইপ সৃষ্টি করে আবার মিলিয়ে যায়। শহীদ আবরার, শহীদ ওসমান হাদী, বিশ্বজিৎ, তনু, ত্বকীসহ অস্তিত্ব নাড়িয়ে দেওয়া সব ঘটনার ইতিহাস শুধু তারিখে তারিখে ফিরে আসে। আমরা ভুলে যাওয়া জাতি, ঠিক এই কারণেই শতাব্দীর পর শতাব্দী প্রায়শ্চিত্য করেও পরিত্রাণ পাইনি এখনো।
ও প্রিয়া খ্যাত এই গায়ক আরও লেখেন, ঈদের পর আমার কনসার্ট ছিল বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের আরও দুটি দেশে। যুদ্ধ পরিস্থিতির কারণে কনসার্ট হবে বলে মনে হচ্ছে না। এটা নিয়ে একটু আক্ষেপ আছে, আফসোস নেই। সেখানে আমাদের কোটি প্রবাসী ভাইবোন পেশা এবং জীবন বাঁচানোর অনিশ্চয়তায় আছেন। দেশে একদল চাইছে ইরান আরব দেশগুলোয় আরও বম্বিং করুক, আর প্রবাসীদের আত্মীয়স্বজনরা আল্লাহর কাছে দোয়া করছেন তারা যেন ভালো থাকেন। এসব চাওয়া-পাওয়ার হিসেব মিলবে না কখনোই, আবার আমরা নতুন ইস্যুর অপেক্ষায় থাকব। জ্ঞানের আলাপের চেয়ে গপ্পোবাজিতেই বেশি অভ্যস্ত জাতির অধঃপতনের জন্য এই রসদই যথেষ্ট।
সব শেষ তিনি আরও লেখেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ হোক, বিভীষিকাময় যুদ্ধ কারও জন্যই মঙ্গলজনক নয়। প্রবাসের মানুষগুলো ভালো থাকুক। পরিবার-পরিজন ছেড়ে প্রবাসে চলে যাওয়ার স্বপ্নগুলো বেঁচে থাকুক। ভালোবাসা অবিরাম।