ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশেই বইছে রাজনৈতিক উত্তাপ। প্রচারণার শেষ দিনে হঠাৎ বিএনপির হয়ে ভোট চেয়ে রাজপথে নামেন ‘ম্যাডাম ফুলি’খ্যাত চিত্রনায়িকা সামসুন্নাহার শিমলা। ধানের শীষের পক্ষে শিমলার প্রচারণার খবর ও ছবি দেখে নিন্দার ঝড় ওঠে জনমনে। কারণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে ঝিনাইদহ-১ আসন থেকে মনোনয়ন ফরম কিনেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। মনোনয়ন না পেলেও ওই সময় নৌকার সমর্থনে প্রকাশ্যে প্রচারণা চালান তিনি।
মনোনয়ন ফরম কেনার পর শিমলা একাধিক গণমাধ্যমে নিজেকে আওয়ামী লীগ পরিবারের সন্তান উল্লেখ করে বলেছিলেন, ‘যদিও জানি কথাটা হাস্যকর হবে, কথাটা সত্যি। তারপরেও বলি, স্বপ্নে তো আমরা অনেক কিছুই দেখি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার অনেকবারই দেখা হয়েছে। কিছু দিন আগের কথা, আমি স্বপ্নে মাননীয় প্রধানমন্ত্রীকে দেখেছি, তিনি আমাকে কিছু একটা দিচ্ছেন। আমার মনে হয় সেই স্বপ্নটাই বাস্তব হতে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেবেন।’
এবার প্রতীক বদলে সেই শিমলা ধানের শীষের পক্ষে নির্বাচনি প্রচারণায় মাঠে নেমেছেন। একাধিক নিউজ ও সোশ্যাল হ্যান্ডেলে দেখা যায়, গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-১৭ আসনে মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী রীনা খান, অভিনেতা শাহেদ শরীফদের সঙ্গে ধানের শীষ প্রতীকে ভোট চাইছেন শিমলা। এসময় শিমলা বলেন, ‘আমি শিমলা, ধানের শীষের জন্য ভোট চাইছি। এখানে অনেকের সঙ্গে কথা বলেছি, তারাও ধানের শীষে ভোট দেওয়ার সম্মতি জানিয়েছেন। আর আমাকে নিয়ে নয় ছয় কথা বলবেন না প্লিজ। আমার অনেক কথা বলার আছে, সেটা ১২ তারিখের পর বলব।’
শিমলার এমন ভোল পাল্টানো নিয়ে নেটদুনিয়ায় চলছে তুমুল আলোচনা-সমালোচনা। অনেকেই আবার ট্রল করছে নায়িকাকে নিয়ে। দলবদল ও প্রচারণা- সব মিলিয়ে তোপের মুখে পড়েছেন শিমলা।
হঠাৎ এমন অবস্থান পরিবর্তনের বিষয়ে জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি এই অভিনেত্রীর।