আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে তারকাদের রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা নতুন কিছু নয়। তবে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে ঢালিউড অভিনেতা ওমর সানী। ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি স্পষ্টভাবে জানান, তিনি ভোট দেবেন ধানের শীষ প্রতীকে। আর এতেই শুরু হয় নেটিজেনদের পক্ষে-বিপক্ষে মন্তব্যের ঝড়।
ঘোষণার পরপরই কেউ কেউ অভিনেতার সিদ্ধান্তকে ব্যক্তিগত মতামত হিসেবে স্বাগত জানান। আবার একদল নেটিজেন পুরোনো প্রসঙ্গ টেনে এনে প্রশ্ন তোলেন তার রাজনৈতিক অবস্থান নিয়ে। আলোচনায় আসে স্ত্রী অভিনেত্রী মৌসুমীর নামও। কয়েক বছর আগে তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন যদিও শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেননি।
এই বিষয়টি সামনে এনে এক ভক্ত মন্তব্য করেন, আপনার বউ না নৌকার মনোনয়ন চেয়েছিল? আরেকজন লেখেন, আপনারা তো আগে নৌকার মনোনয়ন চেয়েছিলেন। এসব মন্তব্য এড়িয়ে না গিয়ে বরং রসিকতার সুরেই জবাব দেন ওমর সানী। তিনি লেখেন, “আমি চাইছিলাম, বলো না বাবা?” একই সঙ্গে অভিনেতা পরিষ্কার করে জানান, তিনি নিজে কখনোই আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাননি।

এর আগেও রাজনৈতিক কারণে আলোচনায় এসেছিলেন ওমর সানী। গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির পক্ষে ভিডিও বার্তায় ভোট চেয়েছিলেন তিনি। সেই বার্তায় অভিনেতা বলেছিলেন, রনি ভাই অনেক পরিশ্রমী মানুষ। ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন, ইনশা আল্লাহ তিনি বিজয়ী হবেন। অভিনয়জীবনের বাইরে ব্যক্তিগত মতামত ও সামাজিক অবস্থান নিয়েও মাঝেমধ্যে আলোচনায় আসেন ওমর সানী। তবে এবারের মন্তব্যে স্পষ্ট রাজনৈতিক পছন্দ নিয়ে প্রশ্নের মুখে পড়লেও নিজের অবস্থান থেকে একচুলও নড়ছেন না তিনি।