নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদের সমর্থকদের বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
হান্নান মাসউদের দুজন সমর্থক জানান, বিএনপির নেতাকর্মীরা ধানের শীষ স্লোগান দিয়ে সংঘবদ্ধভাবে সন্ত্রাসী কায়দায় এই হামলা চালায়। তারা একাধিক বাড়িতে ভাঙচুর, লুটপাট চালায় এবং ভয়ভীতি দেখায়। এ ঘটনায় আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হান্নান মাসউদ বলেন, রাতে বুড়িরচর, চর ঈশ্বর ও সোনাদিয়া ইউনিয়নের আমাদের নেতাকর্মীদের বাড়িতে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ধানের শীষের স্লোগান দিয়ে হামলা চালায়, লুটপাট করে এবং বিভিন্ন জায়গায় গোলাগুলি করে। মূলত আমাদের সমর্থকদের দমন করার জন্য হামলা চালানো হয়েছে। আমি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তাকে বারবার ফোন দিলেও রিসিভ করছেন না।
এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতাদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি। একাধিক নেতাকে ফোন করা হলেও কেউ রিসিভ করেননি।
হামলার ঘটনার বিষয়ে জানতে চাইলে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, হাতিয়ার সব জায়গায় নৌবাহিনী সদস্যরা টহল দিচ্ছেন। বিষয়টি নৌবাহিনী এবং পুলিশকে জানানো হয়েছে।