Image description

ভারতে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানি নাটক প্রচার নিষিদ্ধ এবং অনলাইন প্ল্যাটফর্মেও দেশটির বিনোদনমূলক অনুষ্ঠান দেখার সুযোগ সীমিত করা হয়েছে। তবে এসব নিষেধাজ্ঞা উপেক্ষা করেই পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ দেখছেন অনেক ভারতীয় দর্শক। কেউ ভিপিএন ব্যবহার করে অনলাইনে নাটকটি দেখছেন, আবার কেউ আয়োজন করছেন ব্যক্তিগত প্রদর্শনীর।

নিষেধাজ্ঞা এড়িয়ে ভিপিএনে পাকিস্তানি নাটক দেখছেন ভারতীয় দর্শক

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লির সাংস্কৃতিক আয়োজক ও কিউরেটর আবু সুফিয়ান খান সম্প্রতি ‘দার-ই-নিজাত’-এর একটি ব্যক্তিগত প্রদর্শনীর আয়োজন করেন। সর্বোচ্চ ৪৫ জন দর্শকের আসন রেখে এই আয়োজন করা হলেও এতে অংশ নিতে আগ্রহ দেখান ৭০০ জনের বেশি মানুষ।

সামাজিক যোগাযোগমাধ্যমেও এই নাটক নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ইনস্টাগ্রামে নাটকটির বিভিন্ন দৃশ্যের ক্লিপ বিনিময় করছেন দর্শকরা। বিশেষ করে আবু বকর চরিত্রটি নিয়ে তাদের আগ্রহ সবচেয়ে বেশি। বেঙ্গালুরুর বাসিন্দা রাখশান্দা মুজিব জানান, চরিত্রটির মানুষের প্রতি সহমর্মিতা দর্শকদের আকৃষ্ট করেছে। নাটকটির ভক্তদের মধ্যে একটি সংলাপও বেশ জনপ্রিয় হয়েছে, ‘সবর কা ফল নেহি, আবু বকর চাহিয়ে’। অর্থাৎ, ধৈর্যের পুরস্কার নয়, তারা আবু বকরকেই চান।

তবে নাটকটির প্রদর্শনী আয়োজন করা সহজ হচ্ছে না। বেঙ্গালুরুতে পোস্টার দেখে কর্তৃপক্ষ আপত্তি জানানোর পর অন্তত দুটি প্রদর্শনীর আয়োজন বাতিল করতে হয়েছে। এরপরও ব্যক্তিগত উদ্যোগে নাটকটি দেখার আয়োজন থেমে নেই।

নিষেধাজ্ঞা এড়িয়ে ভিপিএনে পাকিস্তানি নাটক দেখছেন ভারতীয় দর্শক

 

আবু সুফিয়ান খান জানান, ভারতে বসে পাকিস্তানি শিল্পীদের ইনস্টাগ্রামে অনুসরণ করা, স্পটিফাইয়ে গান শোনা কিংবা ইউটিউবে নাটক দেখা কঠিন হয়ে পড়েছে। এসব কনটেন্ট দেখতে অনেককে ভিপিএন বা প্রক্সি ব্যবহার করতে হচ্ছে। ভিপিএন পর্যালোচনাকারী প্রতিষ্ঠান টপটেনভিপিএনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৮ মে ভারতে ভিপিএন অনুসন্ধান ৭২ শতাংশ বেড়েছিল।

গত এক দশকে পাকিস্তানি শিল্পীদের ওপর ভারতের অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা আরও বিস্তৃত হয়েছে। ২০২৫ সালের এপ্রিলে পহেলগামে হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর দুই দেশের সম্পর্কের আরও অবনতি ঘটে। ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে। পরে চার দিনের সংঘাতের অবসান হয় যুদ্ধবিরতির মাধ্যমে। এরপর ভারতীয় প্ল্যাটফর্মগুলোতে পাকিস্তানি গান, সিনেমা ও নাটকের প্রচার আরও সীমিত করা হয়। এমনকি নেটফ্লিক্সকেও তাদের প্ল্যাটফর্মে থাকা পাকিস্তানের প্রথম অনুষ্ঠান সরিয়ে নেওয়ার অনুরোধ জানায় ভারত।

 

ভারতের তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারা অনুযায়ী, সরকার অনলাইন কনটেন্ট বন্ধের নির্দেশ দিতে পারে। ইউটিউবও পাকিস্তানি চ্যানেলের কনটেন্ট ভারতে দেখার সুযোগ সীমিত করেছে। তবে ভিপিএন ব্যবহার করে নিজের অবস্থান অন্য দেশ হিসেবে দেখালে এসব বাধা এড়িয়ে নাটক দেখা সম্ভব। আবার ডাউনলোড করা নাটক ভারতীয় অ্যাকাউন্ট থেকেও পুনরায় আপলোড করা হচ্ছে।

পাকিস্তানি টেলিভিশন চ্যানেল এআরওয়াই ডিজিটালের প্রধান জেরজিস সেজার মতে, পাকিস্তানি চ্যানেলগুলোর মোট দর্শকের ৩০ থেকে ৩৫ শতাংশই ভারতীয়। তার ভাষায়, কনটেন্ট দেখা কঠিন করা যেতে পারে, কিন্তু পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়।

 

নিষেধাজ্ঞা এড়িয়ে ভিপিএনে পাকিস্তানি নাটক দেখছেন ভারতীয় দর্শক

 

এর আগেও পাকিস্তানি নাটক ‘তেরে বিন’ (২০২২) এবং ‘কভি ম্যায়, কভি তুম’ (২০২৪) ভারতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। পাকিস্তানি নির্মাতা মেহরিন জব্বারও জানিয়েছেন, ভারতীয় দর্শকরা তাকে ‘ডক্টর বাহু’, ‘জ্যাকসন হাইটস’ ও ‘দাম’ নাটক নিয়ে নিয়মিত বার্তা পাঠান। দুই দেশের সংস্কৃতির মিল, নাটকের নির্মাণমান এবং ইসলামকে ভিন্নভাবে উপস্থাপনের বিষয়গুলো ভারতীয় দর্শকদের আকৃষ্ট করছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

দিল্লির নীতিবিশ্লেষক ঐশ্বরিয়া ভার্মার মতে, পাকিস্তানি বিনোদনমূলক কনটেন্টের প্রতি আগ্রহ বেড়ে যাওয়ায় ভারতীয় দর্শকদের সামনে নতুন সাংস্কৃতিক অভিজ্ঞতার সুযোগ তৈরি হয়েছে। এতে দুই দেশের মানুষের মধ্যে প্রচলিত কিছু পূর্বধারণাও ভাঙছে। পাকিস্তানি অভিনেত্রী ও গায়িকা হানিয়া আমিরের জনপ্রিয়তাও এর একটি উদাহরণ। তার ‘পাবলো’ গানে বলিউডের র‌্যাখি সাওয়ান্তকে দেখা গেছে।

পাকিস্তানে ভারতের সাবেক হাইকমিশনার অজয় বিসারিয়ার মতে, এ ধরনের নিষেধাজ্ঞা খুব একটা কার্যকর হয় না। পাকিস্তানও দীর্ঘদিন ভারতীয় সিনেমা নিষিদ্ধ রেখেছিল, কিন্তু পাইরেটেড ক্যাসেটের মাধ্যমে বলিউডের সিনেমা ঠিকই সেখানকার দর্শকদের কাছে পৌঁছে গেছে। তার মতে, সংস্কৃতি দুই দেশের মানুষের মধ্যে সংযোগ তৈরির একটি বড় মাধ্যম।

সূত্র: আলজাজিরা