Image description

সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী বিয়ে করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর সঙ্গে ছবিও প্রকাশ করেছেন তিনি। তবে ছবিতে স্বামীর মুখ পদ্মফুল দিয়ে ঢেকে রাখায় প্রকাশ্যে আসেনি তার পরিচয়। এরপর থেকেই পারশার বিয়ে নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ভক্ত ও নেটিজেনদের মধ্যে। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক অনলাইন অ্যাক্টিভিস্টের সঙ্গে তার বিয়ের গুঞ্জন ছড়িয়েছে।

 

নেটিজেনদের একাংশের দাবি, ওই ব্যক্তির নামের আদ্যাক্ষর ‘আ’। ফেসবুক ও ইনস্টাগ্রামে দুজনের প্রকাশ করা ছবি, পোশাক এবং বিভিন্ন পোস্টের মধ্যে মিল খুঁজে পেয়েই এমন ধারণা করছেন তারা। যদিও এ বিষয়ে পারশা কিংবা ওই ব্যক্তির কেউই এখন পর্যন্ত কোনো বক্তব্য দেননি।

 

গত শনিবার (৭ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্বামীর সঙ্গে নতুন একটি ছবি প্রকাশ করেন পারশা। শাড়ি পরা অবস্থায় দেখা যায় তাকে। পাশে দাঁড়িয়ে থাকা স্বামীর মুখটি অবশ্য পদ্মফুল দিয়ে ঢেকে রেখেছেন অভিনেত্রী। ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে পুরুষের ব্যক্তিগত জীবন ও স্ত্রীর সম্মান নিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরেন তিনি।

 

পারশা লেখেন, ‘পুরুষ মানুষ ললিপপের ন্যায়, যার মোড়ক উন্মুক্ত থাকলে পিঁপড়ার আগমন অনিবার্য। খোসা ছাড়ানো কলায় মাছি বসবে, অনাবৃত মিষ্টিতে পোকামাকড়ের উপদ্রব ঘটবে, এটাই প্রকৃতির স্বাভাবিক বিধান। এমতাবস্থায় পিঁপড়া কিংবা মাছির চরিত্র নিয়ে প্রশ্ন তোলা নিতান্তই অযৌক্তিক। ভালো ঘরের পুরুষেরা রূপ-যৌবন দেখিয়ে বেড়ায় না। স্বামীর পর্দা তার স্ত্রীর সম্মান।’

 

এরপরই পারশার স্বামীর পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়। বিশেষ করে ইনস্টাগ্রামে পারশা ও ওই অনলাইন অ্যাক্টিভিস্টের প্রকাশ করা কয়েকটি ছবির মধ্যে মিল খুঁজে পেয়েছেন নেটিজেনদের কেউ কেউ।

 

তাদের নজরে এসেছে গত ২১ অক্টোবর ওই ব্যক্তির ইনস্টাগ্রামে প্রকাশ করা একটি ছবি। সেখানে পাঞ্জাবি পরা অবস্থায় দেখা যায় তাকে। ছবির এক পাশে রয়েছে লাল শাড়ির আঁচল। নেটিজেনদের দাবি, পারশার ৭ নভেম্বর প্রকাশ করা বিয়ের ছবিতে তার পরা শাড়ির আঁচলের সঙ্গে ওই ছবির শাড়ির মিল রয়েছে। অন্যদিকে পারশা জানিয়েছেন, গত ২২ অক্টোবর বিয়ে করেছেন তিনি। ফলে ছবি প্রকাশের তারিখ ও বিয়ের দিনের কাছাকাছি সময়ও আলোচনায় এনেছেন অনেকে।

 

Pasra 2

 

 

শুধু শাড়ির আঁচল নয়, দুই ছবিতে পুরুষের পোশাকেও সাদৃশ্য খুঁজে পেয়েছেন কেউ কেউ। তাদের দাবি, ২১ অক্টোবর ওই ব্যক্তির পরনে থাকা পাঞ্জাবির সঙ্গে পারশার বিয়ের ছবিতে তার স্বামীর পরা পাঞ্জাবির মিল রয়েছে।

 

এ ছাড়া গত সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অবকাশ যাপনে গিয়েছিলেন পারশা। সেখানকার কিছু ছবিও নতুন করে আলোচনায় এনেছেন নেটিজেনরা। সমুদ্রসৈকতে সাদা পোশাক ও মাথায় হ্যাট পরে হাসিমুখে সময় কাটানোর কয়েকটি ছবি প্রকাশ করেছিলেন অভিনেত্রী। ওই ব্যক্তির সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা কিছু ছবির সঙ্গেও এসব ছবির মিল রয়েছে বলে দাবি করছেন তারা।

 

পারশার জন্মদিন ঘিরেও সামনে এসেছে আরেকটি বিষয়। নেটিজেনদের কেউ কেউ বলছেন, জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ওই ব্যক্তি পারশার চোখের একটি ছবি প্রকাশ করেছিলেন। পাশাপাশি ইনস্টাগ্রামে দুজন দুজনকে অনুসরণ করেন বলেও বিষয়টি আলোচনায় এসেছে। বর্তমানে দুজনই কলকাতায় অবস্থান করছেন বলেও দাবি করছেন অনেকে।

 

Screenshot

 

 

এসব সূত্র ধরেই পারশার স্বামী হিসেবে ওই অনলাইন অ্যাক্টিভিস্টের নাম সামনে আনছেন নেটিজেনদের একাংশ। তবে ছবি, পোশাকের সাদৃশ্য কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে পরস্পরকে অনুসরণ করার বিষয়গুলো তাদের সম্পর্ক বা বিয়ের পরিচয় নিশ্চিত করে না। ফলে পারশা সত্যিই ওই ব্যক্তিকে বিয়ে করেছেন কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

 

এদিকে স্বামীর পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এত আলোচনা চললেও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি পারশা। আপাতত স্বামীর পরিচয় আড়ালেই রাখতে চাইছেন এই সংগীতশিল্পী ও অভিনেত্রী।