টিকিট বিক্রি শেষের পথে, মঞ্চও প্রস্তুত। পাকিস্তানি শিল্পীদের সঙ্গে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডগুলোর পারফরম্যান্স দেখতে মুখিয়ে ছিলেন দর্শকেরা। কিন্তু কনসার্টের ঠিক আগের দিনই এল দুঃসংবাদ নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে পাকিস্তানি শিল্পীদের দুটি বড় কনসার্ট।
আয়োজক সূত্রে জানা গেছে, সব প্রস্তুতি সম্পন্ন হলেও নিরাপত্তাজনিত ছাড়পত্র না পাওয়ায় কনসার্ট দুটির অনুমতি মেলেনি। এর মধ্যে ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে হওয়ার কথা ছিল ‘মাহাক্স রিপাবলিক’ শিরোনামের কনসার্ট। পরদিন ২৬ সেপ্টেম্বর পূর্বাচলের ‘সি শেল পার্ক অ্যান্ড রিসোর্টে’ হওয়ার কথা ছিল পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’-এর ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’।
নাম প্রকাশে অনিচ্ছুক ‘মাহাক্স রিপাবলিক’ কনসার্টের এক আয়োজক বলেন, ‘সবকিছুই ঠিক ছিল, শিল্পীদের অগ্রিম পারিশ্রমিকও দেয়া সম্পন্ন হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে অনুমতি না পাওয়ায় কনসার্টটি স্থগিত করতে হচ্ছে।’
তবে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
২৫ সেপ্টেম্বরের ‘মাহাক্স রিপাবলিক’ কনসার্টে পাকিস্তানের জনপ্রিয় তিন ব্যান্ড ‘ভয়েস অব জুনুন’, ‘জাল দ্য ব্যান্ড’ ও ‘রক্সেন’ (ফিচারিং)—এর পারফর্ম করার কথা ছিল। তাদের সঙ্গে একই মঞ্চে বাংলাদেশের ‘নেমেসিস’, ‘লেভেল ফাইভ’, ‘শিরোনামহীন’ ও ‘নগর বাউল’ (জেমস)-এর গান পরিবেশনের কথা ছিল।
অন্যদিকে, এর পরদিন ‘প্রাইম ওয়েভ কমিউনিকেশন’-এর আয়োজনে ‘কাভিশ’-এর কনসার্ট হওয়ার কথা ছিল পূর্বাচলের ‘সি শেল পার্ক অ্যান্ড রিসোর্টে’। নিরাপত্তাজনিত কারণে সেটিও স্থগিত করা হয়েছে।
তবে দর্শকদের জন্য পুরোপুরি হতাশার খবর নয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থগিত হওয়া কনসার্টগুলোর নতুন তারিখ দ্রুত ঘোষণা করা হবে।
এদিকে, এই দুটি কনসার্ট ছাড়াও বিদেশি শিল্পীদের নিয়ে আয়োজিত আরও তিনটি কনসার্ট স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। ফলে ঢাকায় একের পর এক বিদেশি শিল্পীদের কনসার্ট ঘিরে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।