ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার পর নিজের সিনেমার টিমের কাছ থেকেই সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বরং হামলার ঘটনার পর তাকে টিম থেকে একরকম ‘ডিজওন’ (সম্পর্ক অস্বীকার) করা হয়েছে বলে দাবি করেছেন ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত এই অভিনেত্রী। এমনকি কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাওয়ার কথা থাকলেও সেখানেও তাকে যেতে নিষেধ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ইতালি থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হন বাঁধন। সেখানেই ভেনিস চলচ্চিত্র উৎসবে নিজের টিমের কাছ থেকে পাওয়া আচরণ নিয়ে কথা বলেন তিনি।
বাঁধন বলেন, হামলার পর ভেনিস চলচ্চিত্র উৎসবের পরিচালক, ইতালি সরকার, বাংলাদেশ সরকার ও ইতালিতে বাংলাদেশের দূতাবাস থেকে তিনি সহযোগিতা পেয়েছেন। তবে নিজের সিনেমার টিমের কাছ থেকে কোনো সহযোগিতা পাননি।
অভিনেত্রীর ভাষায়, ‘কিন্তু আমার যে টিম, তারা আমাকে ডিজওন করেছে। ফেস্টিভ্যালের বাকি দিনগুলোতে তাদের সঙ্গে অংশ নিতে নিষেধ করেছে। এমনকি পরবর্তীতে টরন্টো ফিল্ম ফেস্টিভালে যাওয়ার কথা থাকলেও তারা আমাকে সেখানেও নিষেধাজ্ঞা দিয়েছে।’
তবে একই সিনেমার সহঅভিনেতাদের মধ্যে সুনেরাহ বিনতে কামাল, জায়নিন ও জায়নিনের মা তাকে সহযোগিতা করেছেন বলেও জানান বাঁধন।
ইতালিতে হামলার পর নিজের নিরাপত্তা নিয়ে বিভিন্ন পর্যায় থেকে সহযোগিতা পাওয়ার কথা উল্লেখ করে বাঁধন বলেন, ঘটনার দিন রাতেই বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়। ইতালিতে বাংলাদেশের দূতাবাসের রাষ্ট্রদূতও তাকে সহযোগিতা করেছেন বলে জানান তিনি। পাশাপাশি ইতালি সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়, আন্ডার সেক্রেটারি ও পুলিশ বিভাগ থেকে নিরাপত্তা দেওয়া হয়েছে বলে দাবি করেন এই অভিনেত্রী।
বাঁধন আরও জানান, নিরাপত্তার কারণে ভেনিস চলচ্চিত্র উৎসবের পরিচালক তাকে লিডোতেই থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন।
গত ৭ সেপ্টেম্বর ইতালির মেস্ত্রে শহরে হামলা ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেন বাঁধন। তার দাবি, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তার সক্রিয় ভূমিকার কারণে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট প্রবাসীদের একটি অংশ তার ওপর হামলা চালায়। এ ঘটনায় গত ৮ সেপ্টেম্বর ইতালিতে মামলা দায়ের করেন তিনি।
এর আগে গত ৬ সেপ্টেম্বর সালা দারসেনা থিয়েটারে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ারে অংশ নেন বাঁধন। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে গিয়েছিলেন তিনি।