ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার কয়েক দিন পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরে তিনি বলেন, জুলাই যোদ্ধারা নয়, হামলার মধ্য দিয়ে হামলাকারীরাই অনিরাপদ হয়ে যাচ্ছেন।
৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালি গিয়েছিলেন বাঁধন। সেখানে গত মঙ্গলবার মেস্ত্রে শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রবাসী কর্মী পরিচয়ে কয়েকজন বাঙালি তাকে শারীরিকভাবে হেনস্তা করেন।
এ সময় তাকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে বারবার আঘাত করা হয়। ঘটনার ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বাঁধনের ওপর হামলার বিষয়টি জাতীয় সংসদেও আলোচনায় আসে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ ঘটনাকে গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা হিসেবে অভিহিত করেন।দেশে ফিরে বাঁধন বলেন, এ ঘটনায় বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলকানা না হয়ে পরিবারের কথা ভাবা উচিত। কারণ তারা কষ্ট করে পরিবারের জন্যই কাজ করছেন।
বাঁধন জানান, এ ঘটনায় গত ৮ সেপ্টেম্বর ইতালিতে মামলা করেছেন তিনি।
পাশাপাশি ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও ইতালি সরকারের সহযোগিতার কথাও জানান এই অভিনেত্রী।
শীর্ষনিউজ