কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন বলিউড ও টালিউড মেগাস্টার মিঠুন চক্রবর্তী। কলকাতার এই মর্যাদাপূর্ণ উৎসবে তাকে এড়িয়ে যাওয়া হলেও মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে আমন্ত্রণ পেয়েছেন বলে জানান তিনি।
আয়োজকদের এমন আচরণে তীব্র কটাক্ষ করে নিজের স্বভাবসুলভ ভঙ্গিতেই ক্ষোভ উগড়ে দিলেন ‘ডিসকো ড্যান্সার’ খ্যাত এই তারকা।
শুক্রবার কলকাতায় মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উদযাপনের এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মিঠুন চক্রবর্তী। উৎসবের আমন্ত্রণপত্র না পাওয়া নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কটাক্ষ করে মিঠুন বলেছেন, ‘আমাকে তো ফিল্ম ফেস্টিভ্যালে ডাকাই হয়নি! আমি এখন মস্কো যাচ্ছি; মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে আমাকে সম্মানজনক আমন্ত্রণ জানানো হয়েছে। অথচ নিজ রাজ্য বাংলায় আমাকে কোনো আমন্ত্রণই জানানো হয়নি।’
নিজের ক্যারিয়ার ও বাংলা চলচ্চিত্রে অবদান নিয়ে খোঁচা মেরে মহাগুরু রসিকতার ছলে আরও যোগ করেন, ‘আমি তো খুব ছোট মাপের একজন শিল্পী, হয়তো সেই কারণেই আমাকে তারা ডাকার প্রয়োজন মনে করেননি!’
যে সভায় মিঠুন এই মন্তব্য করেন, তা ছিল বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের শততম জন্মবার্ষিকী উদযাপনের বছরব্যাপী কর্মসূচির অংশ। ১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর অরুণ কুমার চট্টোপাধ্যায় হিসেবে জন্মগ্রহণকারী উত্তম কুমার বাংলা চলচ্চিত্রের অন্যতম বড় নাম হিসেবে রয়ে গেছেন।
তিনি অভিনেতা, পরিচালক এবং প্রযোজক হিসেবে হিন্দি চলচ্চিত্রেও কাজ করেছেন। উত্তম কুমার ও সুচিত্রা সেনের জুটি বাংলা সিনেমার ইতিহাসে অমর হয়ে আছে।
অথচ উত্তম কুমারের ক্যারিয়ারের শুরুটা মোটেও মসৃণ ছিল না। একের পর এক সিনেমা ফ্লপ করায় তাকে ‘ফ্লপ মাস্টার জেনারেল’ বলেও কটাক্ষ সহ্য করতে হয়েছিল।
১৯৫২ সালে তার সিনেমা ‘বসু পরিবার’ পরিস্থিতি বদলে দেয়, আর এক বছর পর ‘সাড়ে চুয়াত্তর’ তাকে তারকাঙ্গনে সুপ্রতিষ্ঠিত করে।
পরে ১৯৬৭ সালে ‘অ্যান্থনি ফিরিঙ্গি’ ও ‘চিড়িয়াখানা’ সিনেমার জন্য ভারতের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী সেরা অভিনেতার খেতাব পান উত্তম কুমার।
এদিকে ব্যক্তিগত রাজনীতি ও রাজনৈতিক মতভেদের কারণেই রাজ্য সরকার পরিচালিত কলকাতা চলচ্চিত্র উৎসবে মিঠুন চক্রবর্তীকে বারবার উপেক্ষা করা হচ্ছে বলে ধারণা বিনোদন অঙ্গনের অনেকের।
৭৬ বছর বয়সে এসেও চলচ্চিত্রে দারুণ সক্রিয় মিঠুন চক্রবর্তী। তাকে পরবর্তীতে মেগাস্টার রজনীকান্তের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেলার ২’-এ একটি বিশেষ অতিথি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, যা ২০২৭ সালে বিশ্ব জুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে।