Image description

কলকাতার জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘দাদাগিরি’র নতুন উপস্থাপক হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের অভিনেতা দেব। নতুন এ দায়িত্ব নেওয়ার আগে নিজের উচ্ছ্বাস, উদ্বেগ ও অনুভূতির কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।

দীর্ঘদিন ধরে অনুষ্ঠানটির উপস্থাপনা করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। সম্প্রতি নতুন একটি অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব নিয়েছেন তিনি। তাই ‘দাদাগিরি’র নতুন মুখ হিসেবে দেখা যাবে দেবকে। ফলে দর্শকদের কাছে জনপ্রিয় এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তিনি।

এ বছর দেবের কর্মজীবনে যুক্ত হচ্ছে একের পর এক নতুন পালক। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেতে যাওয়া একটি চলচ্চিত্রে অভিনেত্রী শুভশ্রীর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। সেই চলচ্চিত্রের পরিচালক হিসেবেও দেখা যাবে দেবকে। এবার উপস্থাপক হিসেবেও বড় দায়িত্ব নিতে যাচ্ছেন এই তারকা।

এর আগে বিভিন্ন নৃত্য ও বিনোদনমূলক অনুষ্ঠানে কখনও উপস্থাপক, আবার কখনও বিচারকের ভূমিকায় দেখা গেছে দেবকে। তবে ‘দাদাগিরি’র মতো জনপ্রিয় অনুষ্ঠানের উপস্থাপনা ভিন্ন মাত্রার চ্যালেঞ্জ বলেই মনে করছেন অনেকে। কারণ দীর্ঘদিন ধরে এ অনুষ্ঠান পরিচালনা করে আসছিলেন সৌরভ গাঙ্গুলী।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দেবের ছবি।নতুন দায়িত্ব গ্রহণের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি প্রকাশ করেন দেব। সেখানে তিনি জানান, নতুন যাত্রা ঘিরে তার মধ্যে কাজ করছে মিশ্র অনুভূতি।

দেব বলেন, ‘অল্প নার্ভাস, একটু খুশি, আর তার সঙ্গে অনেক বেশি উত্তেজিত। নতুন একটা যাত্রা শুরু হচ্ছে। পাশে থাকবেন।’

ধারণা করা হচ্ছে, অনুষ্ঠানটির নতুন পর্বের ধারণকাজ শুরুর প্রস্তুতির মধ্যেই এ বার্তা দিয়েছেন তিনি। এখন দেখার বিষয়, নতুন উপস্থাপক হিসেবে দর্শকদের কতটা মুগ্ধ করতে পারেন দেব।