Image description

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া তারকাবহুল সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ বক্স অফিসে বড় সাফল্য পাওয়ার পাশাপাশি দর্শক ও সমালোচকদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে আসার পর আলোচনা আরও বাড়ে।

 

এবার আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন এনসিপি নেতা ও রাজনীতিবিদ হাসনাত আবদুল্লাহ। তিনি সিনেমাটি নিয়ে একটি বিশ্লেষণধর্মী ও দার্শনিক রিভিউ সামাজিক মাধ্যমে প্রকাশ করেন, যা দ্রুতই ভাইরাল হয়ে যায়।

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার দৃশ্য

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার দৃশ্য

 

তার রিভিউতে তিনি সিনেমার বিভিন্ন চরিত্র ও গল্পকে মানবজীবনের প্রতিচ্ছবি হিসেবে ব্যাখ্যা করেন। ছোট ছোট গল্পের মাধ্যমে মানুষের দুঃখ, সংগ্রাম, আশা-নিরাশা এবং জীবনের রূপান্তরকে তুলে ধরার জন্য সিনেমাটির প্রশংসা করেন তিনি। তার মতে, ‘বনলতা এক্সপ্রেস’ শুধু একটি ট্রেনের গল্প নয়, বরং এটি মানুষের জীবনেরই প্রতীক—যেখানে জন্ম, মৃত্যু, কষ্ট ও নতুন শুরু একসঙ্গে চলতে থাকে।

 

 

হাসনাত আবদুল্লাহর এই রিভিউ প্রশংসা পেয়েছে সাধারণ দর্শকদের পাশাপাশি চলচ্চিত্র নির্মাতাদের কাছেও। পরিচালক তানিম নূর নিজের ফেসবুক অ্যাকাউন্টে রিভিউটি শেয়ার করে তাকে ধন্যবাদ জানান এবং তার লেখার প্রশংসা করেন।

সামাজিক মাধ্যমে পোস্টটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা সিনেমাটির নির্মাণশৈলী এবং হাসনাত আবদুল্লাহর বিশ্লেষণধর্মী লেখার প্রশংসা করছেন। অনেকেই মন্তব্য করেছেন, সিনেমার গভীর দিকগুলো এই রিভিউয়ের মাধ্যমে নতুনভাবে সামনে এসেছে।

 

উল্লেখ্য, হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ পরিচালনা করেছেন তানিম নূর। সিনেমাটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরিফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক, জাকিয়া বারী মম, শ্যামল মওলা ও ইন্তেখাব দিনারসহ একঝাঁক জনপ্রিয় তারকা। প্রেক্ষাগৃহে মুক্তির পর এটি আন্তর্জাতিকভাবেও প্রশংসা কুড়ায় এবং বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে সিনেমাটি।