Image description

অভিনেত্রী পূর্ণিমার ২৭ বছরের ক্যারিয়ারে অর্জন কম নয়। পুরস্কার ও দর্শকদের ভালোবাসাসহ অনেক কিছু পেয়েছেন তিনি। এরমধ্যে তারেক রহমানের (বর্তমান প্রধানমন্ত্রী) কাছ থেকে একটি চিঠি পাওয়ার ঘটনা তার কাছে স্মরণীয়। ঘটনাটি ২০০৩ সালের। ঢাকা ক্যান্টনমেন্টের গ্যারিসন প্রেক্ষাগৃহে সপরিবারে ‘মনের মাঝে তুমি’ দেখে মুগ্ধ হন তিনি। তাই পূর্ণিমাকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছিলেন তারেক রহমান। তখন তার মা খালেদা জিয়া ছিলেন দেশের প্রধানমন্ত্রী।

সেই চিঠি প্রসঙ্গে পূর্ণিমা জানান, ‘বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ‘মনের মাঝে তুমি’র সকল অভিনয়শিল্পীর নাম উল্লেখ করে একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। তিনি লিখেছিলেন— এমন সিনেমা নিয়মিতভাবে নির্মাণ হওয়া প্রয়োজন। আমরা যেন ভালো কাজের ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে পারি, সেই কামনাও ব্যক্ত করেন তিনি। তার এই সৌজন্যবোধ আমাদের সবাইকে মুগ্ধ করেছিল।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী যোগ করেন, ‘তখন তো সামাজিক মাধ্যমের যুগ ছিল না। আমার মা পরিচিত সাংবাদিকদের তারেক রহমানের পাঠানো চিঠি দেখিয়েছিলেন।’

বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে অনুষ্ঠানে পূর্ণিমা । ছবি : সংগৃহীত

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে জীবনের এমন কিছু অজানা ও চমকপ্রদ ঘটনা তুলে ধরেছেন পূর্ণিমা। অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন, রায়হান রাফীর ‘দহন’ ও ‘প্রেশার কুকার’ ছবি দুটিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। এমনকি ‘দহন’-এ সাইন পর্যন্ত করেছিলেন। তবে শেষ পর্যন্ত কেন তার কাজ করা হয়নি, সেই কারণ জানা যাবে পডকাস্টে।

১৯৯৮ সালে মুক্তি পায় পূর্ণিমার ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র ‘এ জীবন তোমার আমার’। তবে তিনি কিন্তু ছবিটির নায়িকা হিসেবে পরিচালক জাকির হোসেন রাজুর প্রথম পছন্দ ছিলেন না! কোন জনপ্রিয় নায়িকার স্থলাভিষিক্ত হয়ে বড় পর্দায় নিজের পথচলা শুরু হয়েছিল, তার নামও তিনি জানিয়েছেন পডকাস্টে।

শনিবার (১১ এপ্রিল) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচার হবে ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।