বলিউডের ভাইজান সালমান খান আবারও শিরোনামে তার বিলাসবহুল রুচির কারণে। সম্প্রতি এই সুপারস্টার বিশ্বখ্যাত ব্র্যান্ড জ্যাকব অ্যান্ড কো.-এর সঙ্গে যৌথভাবে তৈরি একটি বিশেষ কাস্টমাইজড হাতঘড়ি উন্মোচন করেছেন, যার মূল্য প্রায় ৪১ লাখ রুপি। যেটা বাংলাদেশি মুদ্রায় ৫৪ লাখ টাকার বেশি।
সামাজিকমাধ্যমে ঘড়িটির ছবি শেয়ার করে সালমান জানান, এটি শুধুমাত্র সময় জানানোর যন্ত্র নয় বরং তার জীবনের যাত্রা, পরিবার ও ব্যক্তিগত মূল্যবোধের প্রতিফলন।
এই ঘড়িতে রয়েছে দুটি ঘূর্ণায়মান গ্লোব, যা ভিন্ন ভিন্ন সময় অঞ্চলকে তুলে ধরে তার জীবনের বিভিন্ন দেশ ও অভিজ্ঞতার প্রতীক হিসেবে। ঘড়িটির ডায়ালে ভারতীয় পতাকার রঙ- গেরুয়া, সাদা ও সবুজ ব্যবহার করা হয়েছে। এছাড়াও এতে রয়েছে বিশেষ খোদাই, যা এটিকে আরও অনন্য করে তুলেছে।
জানা গেছে, এই ঘড়ির নকশায় বাবা-ছেলের সম্পর্কের একটি আবেগঘন গল্পও অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে, যা সালমান খানের পারিবারিক মূল্যবোধের সঙ্গে মিলে যায়।
এদিকে শোনা যাচ্ছে, নতুন প্যান-ইন্ডিয়া সিনেমার মাধ্যমে প্রথমবার দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারার সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন সালমান খান। পরিচালক বংশী পাইদিপল্লির এই অ্যাকশন-থ্রিলার সিনেমার শুটিং এপ্রিলের পরে শুরু হতে পারে বলে জানা গেছে। সিনেমাটি প্রযোজনা করছেন দিল রাজু, তার প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনস।