Image description

যুক্তরাজ্যের ঐতিহাসিক হাউজ অব কমেন্সে অনুষ্ঠিত হয়ে গেল উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী ওস্তাদ রাহাত ফতেহ আলী খান ও কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহানের দ্বৈত বাংলা গান ‘প্রেম পিয়াসা’ (Reloaded)-এর প্রকাশনা উৎসব।

 

অনুষ্ঠানটি আয়োজন করেছেন ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার অব পার্লামেন্ট রুথ ক্যাডবেরি (এমপি) এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুরকার ও সংগীত পরিচালক রাজা কাশেফ।

 

অনুষ্ঠানে সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে ওস্তাদ রাহাত ফতেহ আলী খান এবং তার ছেলে শাহ জামান খানকে সম্মাননা জানানো হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওস্তাদ রাহাত ফতেহ আলী খান, তার ছেলে শাহ জামান খান, বাংলা গানের যুবরাজ ও বিসিবি পরিচালক আসিফ আকবর, ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার সংগীতশিল্পী ধ্রুব গুহসহ ব্রিটিশ পার্লামেন্টের একাধিক এমপি, হাউজ অব কমন্সের সদস্য এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

 
 

 

 

গানটি প্রকাশ করেছে বাংলাদেশের অন‍্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। ‘প্রেম পিয়াসা’ (Reloaded) গানটির কথা লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন আন্তর্জাতিক খ‍্যাতি সম্পন্ন সুরকার, সংগীত পরিচালক রাজা কাশেফ। গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।

 

ওস্তাদ রাহাত ফতেহ আলী খান রাজা কাশেফ এবং রুবাইয়াত জাহানকে ধন‍্যবাদ জানিয়ে বলেন, গানের প্রতি তাদের যে একনিষ্ঠ আন্তরিকতা তা আমাকে মুগ্ধ করে। বাংলা গানের প্রতি আমার আলাদা ভালোবাসা রয়েছে। ‘প্রেম পিয়াসা’ (Reloaded) সেই ভালোবাসারই একটি বহির্প্রকাশ। আমাকে এবং আমার ছেলেকে সম্মানিত করায় ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ।

 

আসিফ আকবর বলেন, আজকের এই আয়োজনের মধ‍্যদিয়ে বাংলা গান আজ বিশ্বমঞ্চে আরও একধাপ এগিয়ে গেল। এমন একটি আন্তর্জাতিক আয়োজনে যুক্ত থাকতে পেরে আমি গর্বিত। আজকের আয়োজনের মাধ‍্যমে আন্তর্জাতিক পরিসরে বাংলা গানের নতুন মাইলফলক তৈরি হলো।

 

গানটির প্রকাশনা প্রতিষ্ঠানের (ডিএমএস) কর্ণধার সংগীত শিল্পী ধ্রুব গুহ বলেন, প্রতিষ্ঠার পর থেকে বাংলা গানকে বিশ্ব দরবারে তুলে ধরার লক্ষ‍্যে কাজ করে যাচ্ছে ধ্রুব মিউজিক স্টেশন। ‘প্রেম পিয়াসা’ (Reloaded) সে যাত্রার একটি গুরুত্বপূর্ণ ধাপ। আমরা ভবিষ্যতেও এই ধারা অব‍্যাহত রাখতে চাই । জমকালো এই আয়োজনের মাধ্যমে আবারও প্রমাণ হলো বাংলা গান এখন দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বমঞ্চেও সমানভাবে সমাদৃত। অনুষ্ঠানের আয়োজকদের আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন‍্যবাদ।

 

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, তাদের অফিসিয়াল ইউটিউব চ‍্যানেল প্রকাশ পেয়েছে গানটির ভিডিও। সে সঙ্গে গানটি শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্ল‍্যাটফর্মে।