পঞ্চগড়ের দেবীগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে আমগাছে ধাক্কা খেয়ে উল্টে গেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের লক্ষ্মীনারায়ণী ফুলতলা স্লুইসগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। এতে বড় ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নীলফামারীর ডোমার থেকে দিনাজপুরগামী শাহী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি আমগাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের যাত্রীদের উদ্ধার করেন। বাসটিতে আনুমানিক ৩০ থেকে ৪০ যাত্রী ছিলেন।
খবর পেয়ে দেবীগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তার আগেই যাত্রীরা নিজ উদ্যোগে সেখান থেকে চলে যান এবং নিকটস্থ বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নেন।
এ বিষয়ে দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মনজুরুল ইসলাম বলেন, ঘটনাস্থলটি দূরবর্তী স্থানে। খবর পেয়ে আমরা দ্রুত ছুটে যাই। আমরা যাওয়ার আগেই যাত্রীরা নিজ উদ্যোগে সেখান থেকে চলে যান। সেখানে গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয় এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামান্য আঘাতপ্রাপ্ত দুজনের চিকিৎসার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মালিক বলেন, এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনাটি নিয়ে অতিরঞ্জিত তথ্য ছড়ানো হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
ওসি বলেন, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। যাত্রীদের মালামাল নিরাপদ রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।