দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তৌসিফ আহমেদের মস্তিষ্কে সম্প্রতি অস্ত্রোপচার (ব্রেইন সার্জারি) সম্পন্ন হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে ভক্ত ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই শিল্পী।
হাসপাতালের বিছানায় বসে থাকা একটি ছবি শেয়ার করে তৌসিফ ক্যাপশনে লেখেন, ব্রেইন সার্জারির কয়েকদিন পরের ছবি। দোয়া করবেন। আমি একজন অতি সাধারণ মানুষ। আমি পৃথিবীতে এসেছি অল্প সময়ের জন্য হলেও নিজের জীবনকে সগৌরবে বাঁচতে।
অস্ত্রোপচারের খবরটি সামনে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা উদ্বেগ প্রকাশ করছেন। অনেকেই তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।
তৌসিফ আহমেদ নবীন-প্রবীণ সব শ্রেণির শ্রোতাদের কাছেই সমান জনপ্রিয়। ২০০৭ সালে প্রকাশিত তার প্রথম একক অ্যালবাম ‘অভিপ্রায়’ দিয়েই তিনি সংগীতাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।
‘দূরে কোথাও আছি বসে’, ‘বৃষ্টি ঝরে যায়’, ‘এ মনের আঙিনায়’, ও ‘জান পাখি’র মতো অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য বিরহী ও রোমান্টিক গান দিয়ে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।