রাজধানীর নিউ মার্কেটে ঈদের শপিং করতে গিয়ে আইফোন চুরি হয়েছে ঢাকাই চলচ্চিত্রের নায়িকা মৌমিতা মৌর। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এরই মধ্যে এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন মৌমিতা মৌ।
সোমবার (১৬ মার্চ) এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করে মৌমিতা মৌ তার ফেসবুক অ্যাকাউন্টসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কেউ যোগাযোগ করলে এড়িয়ে চলার আহ্বান জানান।
২০১৩ সালে কালাম কায়সার পরিচালিত ‘তোমারই আছি তোমারই থাকব’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় মৌমিতা মৌর। তারপর ‘তুই শুধু আমার’, ‘মাটির পরী’, ‘,মাস্তানি’, ‘অন্তর্জ্বালা’ ও ‘অন্ধকার জগৎ’সহ আরও কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন।
বড়পর্দার পাশাপাশি কয়েকটি বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছেন মৌমিতা মৌ। বি টেক এক্সপার্ট হেয়ার অয়েল, মদিনা সরিষার তেল, শার্প ডিটারজেন্ট পাউডারসহ কয়েকটি বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা গেছে তাকে। পাশাপাশি নাটকেও কাজ করেছেন।
এ অভিনেত্রী গত ১৭ ফেব্রুয়ারি বাবা হারিয়েছেন। বাবার ক্যানসার চিকিৎসার জন্য কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন। সবশেষ তার অভিনীত সিনেমা ছিল ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’।