Image description

বাংলাদেশি মডেল ও অভিনেত্রী পূজা চেরির নতুন সিনেমা ‘দম’ মুক্তি পেতে যাচ্ছে এবারের ঈদে। ব্যক্তিগত ও ক্যারিয়ার নিয়ে সব সময় তিনি জোর আলোচনায় থাকেন। এবার একটি বেসরকারি চ্যানেলে পূজা প্রথমবারের মতো স্বীকার করলেন যে তিনি এনগেজড।

সম্প্রতি রুম্মান রশীদ খানের সঞ্চালনায় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এ অংশ নিয়ে পূজা তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয়ে খোলামেলা উত্তর দেন। এ সময় আপনি কি সিঙ্গেল—এমন প্রশ্নের জবাবে পূজা চেরি বলেন, ‘এখানে আমি সত্যিটাই বলব। আমি এনগেজড। এই প্রথম আমি কথাটা বললাম।’

সাক্ষাৎকারে প্রেমের সম্পর্ক ও মূল্যবোধ বিষয়ে পূজা চেরি বলেন, ‘সম্পর্কের মূল্য আমার কাছে অনেক বেশি। আমি চাই না ডিভোর্স শব্দটি আমার নামের সঙ্গে যুক্ত হোক। সংসার আর অভিনয় একসঙ্গে চালানো সম্ভব না হলে আমি সংসারকে বেছে নিয়ে চলচ্চিত্র থেকে বিদায় নেব।’

আলাপকালে শিশুশিল্পী থেকে তারকা নায়িকা হয়ে ওঠা পূজা চেরি তার আট বছরের ক্যারিয়ারের অনেক কিছুই দর্শক-শ্রোতার সঙ্গে শেয়ার করেন।

 

কবে বিয়ে করছেন?—উপস্থাপকের এই প্রশ্নের জবাবে পূজা জানান, মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত হলেই তিনি বিয়ের পিঁড়িতে বসবেন। পারিবারিকভাবেই সব অ্যারেঞ্জ হচ্ছে। তাই সময় হলে সবাইকে জানিয়ে বিয়ে করাই তার ইচ্ছা।

বিয়ের পর বিনোদন ভুবনে থাকার বিষয়ে পূজা চেরি বলেন, ‘আমি যার সঙ্গে এনগেজড, সে খুবই সাপোর্টিভ। মিডিয়ায় কাজ করা বা না করা এটা সর্ম্পূণ আমার ওপর ছেড়ে দিয়েছে। তার ভাষ্য, ইচ্ছা হলে মিডিয়ায় কাজ করো; ছেড়ে দিতে চাইলে ছাড়বে। এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার।’