আফ্রিকার প্রথম দল হিসেবে ইতিহাস গড়ে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠেছিল মরক্কো। দলটির স্বপ্নের দৌড় থেমে যায় সেমিফাইনালে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় আফ্রিকার দেশটির। তবে মন ভাঙতে রাজি নয় ওয়ালিদ রেগ্রাগুইয়ের শিষ্যরা। তৃতীয় স্থান নিয়েই তারা এবারের বিশ্বকাপ মিশন শেষ করতে চায়।
শনিবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় দোহার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি শুরু হবে। এতে রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে দ্য অ্যাটলাস লায়নসরা।
চলতি বিশ্বকাপে দ্বিতীয়বার ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে মরক্কো। এর আগে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল দল দুটি। আল বায়েত স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এফ’ গ্রুপে নিজেদের মধ্যকার ওই ম্যাচটি গোলশূন্য ড্র হয়। পরে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মরক্কো আর রানার্সআপ হয়ে ক্রোয়েশিয়া নকআউট রাউন্ডে জায়গা করে নেয়। বিশ্বমঞ্চে শুরুতেই ক্রোয়েশিয়াকে রুখে দিয়ে চমক তৈরি করেছিল মরক্কো। ফেবারিট বেলজিয়ামকে হারিয়ে জন্ম দেয় অঘটন।
নকআউট পর্বে টাইব্রেকারে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় আফ্রিকান দলটি। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে হারিয়ে জায়গা করে নেয় শেষ চারের লড়াইয়ে। কিন্তু সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে শিরোপা জয়ের লড়াই থেকে ছিটকে পড়ে মরক্কো। তবে হাল ছাড়তে রাজি নয় ইতিহাস তৈরি করা লড়াকু দলটি। তৃতীয় স্থানে থেকে বিশ্বকাপ অভিযান শেষ করতে চান মরক্কো কোচ ওয়ালিদ রেগ্রাগুই।