Image description

সপ্তাহের প্রথম দিনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকে বড় পতন হয়েছে।

রোববার দুপুর ১টায় ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৮৭ পয়েন্ট হারিয়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯০ পয়েন্টে।

এসময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৯টি কোম্পানি মধ্যে শেয়ার দর বাড়ে ১৬টির, কমে যায় ৩৬৪টির ও আগের দরে হাতবদল হচ্ছিল ৯টির।

আগের কার্যদিবস বৃহস্পতিবার টানা তৃতীয় দিনের মত সূচক কমেছিল। সেদিন ৮২ পয়েন্ট কমে সূচক দাঁড়ায় ৫ হাজার ২৪০ পয়েন্টে।

মধ্যপ্রাচ্য সংকটে সারা বিশ্বেই পুঁজিবাজারে পতন হচ্ছে মন্তব্য করে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান আবু আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অর্থনীতি তো ভালো নেই মধ্যপ্রাচ্যর সংকটের কারণে। যুদ্ধ, যুদ্ধ আর যুদ্ধের খবর।

“জ্বালানি তেল সংকট দেখা দিলে কোম্পানি ব্যবসা করবে কেমনে, তাই বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করছে। কে কিনবে? এমনিতেই ভালো কোম্পানি নাই।’’

আন্তর্জাতিক এ সংকটের প্রভাবের সঙ্গে স্থানীয় কারণও রয়েছে বলে গুঞ্জন রয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান পদ নিয়েও বিনিয়োগকারীদের একটি অংশ নানা ধরনের বার্তা ছড়াচ্ছে পুঁজিবাজারে।

তেমন প্রেক্ষাপটে রোববার বিকেলে পুঁজিবাজার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) উদ্যোগে পুঁজিবাজারের বর্তমান চ্যালেঞ্জ নিয়ে একটি আলোচনা অনুষ্ঠান হতে যাচ্ছে।

সেখানে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান অতিথি হিসেবে থাকবেন।