স্বর্ণের দাম ঘন ঘন ওঠানামায় দেশের জুয়েলারি বাজারে তৈরি হয়েছে অস্থিরতা। একাধারে দাম কমা-বাড়ার এই প্রবণতায় ক্রেতারা বিভ্রান্ত হচ্ছেন। ফলে ক্রেতা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন স্বর্ণালংকার ব্যবসায়ীরা। এই খাতের ব্যবসায়ীরা জানিয়েছেন, তারা একটি স্থিতিশীল স্বর্ণের বাজার চান। কিন্তু দেশের জুয়েলারি খাত আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরশীল থাকার কারণে কাঙ্ক্ষিত স্থিতিশীলতা শিগগিরই আসার কোনো সম্ভাবনা দেখছেন না তারা।
জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক দিনের ব্যবধানে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয়। এই ঘোষণায় বলা হয়, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গয়নার দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৫০ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের গয়নার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা।
এর আগের দিন বুধবার (২৫ নভেম্বর) দেশের বাজারে বাজুসের ঘোষণায় কমে যায় ২২ ক্যারেট স্বর্ণের দাম। এদিন ভরিতে ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা দাম নির্ধারণ করা হয়।
চলতি বছরের ৯ অক্টোবর ভরিতে দাম ছিল ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। দেড় মাসের ব্যবধানে দাম কমেছে ৩৪ হাজার ৪৬৭ টাকা। মাঝেমধ্যে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও বেশির ভাগ সময়ই দাম মূলত নিম্নমুখী। দফায় দফায় দরের ওঠানামায় বিভ্রান্ত হচ্ছেন ক্রেতারা।
বাজুসের নির্বাচন বোর্ডের সদস্য এস কে মুজিবুর রহমান ইকবাল এশিয়া পোস্টকে বলেন, স্বর্ণের দাম কমলে ক্রেতারা অলংকার কিনতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে ঘন ঘন দাম ওঠানামার কারণে ক্রেতারা বিভ্রান্ত হয়ে পড়েন। এতে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে যায়।
চলতি বছরের ২ অক্টোবর ভরিতে ২ হাজার ২১৬ টাকা দাম বাড়ানো হয়। ৫ অক্টোবর ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে করা হয় ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। এরপর ৯ অক্টোবর আবার ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হলে ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়ায় ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। এটি ছিল কাছাকাছি সময়ের মধ্যে সর্বোচ্চ দাম। এরপর ১৩ থেকে ২৫ অক্টোবরের মধ্যে টানা চার দফায় দরপতন হয়। এতে মোট ১০ হাজার ৪৩৯ টাকা কমে দাম দাঁড়ায় ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকায়।
২৮ অক্টোবর ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ হয় ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। তবে এই দাম বেশি দিন স্থায়ী হয়নি। ৩১ অক্টোবরের মধ্যে দুই দফায় ৫ হাজার ৪৮২ টাকা কমে হয় ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।
দরপতনের এই ধারা এখনও অব্যাহত রয়েছে। ১৯ নভেম্বরের মধ্যে টানা সাত দফা মূল্য সমন্বয়ের পর ভরিতে দাম নেমে আসে ২ লাখ ১২ হাজার ১১০ টাকায়। ২০ নভেম্বর বাজুস ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমানোর ঘোষণা দেয়। এরপর ২১ নভেম্বর রাতের ঘোষণায় ২২ নভেম্বর আরও ৬ হাজার ১৮২ টাকা কমানো হলে দাম দাঁড়ায় ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। এতে ১৩ মাসের মধ্যে প্রথমবার ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ টাকার নিচে নামে।
দীর্ঘ দরপতনের পর ২৩ নভেম্বর দাম আবার বাড়তে শুরু করে। ওই দিন ৩ হাজার ১৪৯ টাকা বেড়ে দাম হয় ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। ২৪ নভেম্বর আরও ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে করা হয় ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। কিন্তু ২৫ নভেম্বর ফের ২ হাজার ৮৫৮ টাকা কমানো হয়।
বিশ্ববাজারেও সম্প্রতি স্বর্ণের দাম কমেছে। বাংলাদেশ সময় ২৫ নভেম্বর (বুধবার) রাত ৮টা ১৫ মিনিটে তাৎক্ষণিক লেনদেনের বাজারে (স্পট মার্কেট) প্রতি আউন্স স্বর্ণের দাম ২ শতাংশ কমে ৩ হাজার ৪৮৩ দশমিক ৫৯ ডলারে নেমে আসে। গত বছরের সেপ্টেম্বরের পর এটি সর্বনিম্ন দাম।
আগের সপ্তাহে প্রায় ৯ শতাংশ কমার পর ২৩ নভেম্বর সোমবার দাম ২ দশমিক ৯ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৬৩৫ দশমিক ৮০ ডলার। যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে বিনিয়োগকারীদের ধারণা বদলানো ছিল এই বৃদ্ধির অন্যতম কারণ। তবুও বাজারে ওঠানামা থামেনি।
দাম নির্ধারণ হয় কীভাবে
দেশের স্বর্ণের দাম নির্ধারণে বিশ্ববাজারের বড় ভূমিকা রয়েছে। তবে আরও কয়েকটি বিষয় এতে প্রভাব ফেলে। বিশ্ববাজারে দাম বাড়লে সাধারণত দেশেও বাড়ে, কিন্তু একই হারে নয়। স্থানীয় পাইকারি বাজারের দাম, পুরোনো স্বর্ণ থেকে পাওয়া সরবরাহ, আমদানি ব্যয়, ব্যবসায়ীদের মুনাফা ও বাজুসের সিদ্ধান্ত এখানে ভূমিকা রাখে। তাই বিশ্ববাজারে দাম কমলেই দেশে একই হারে কমবে এমন নিশ্চয়তা নেই।
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম মূলত মার্কিন ডলারে প্রতি আউন্স হিসেবে ঠিক হয়। এক আউন্স প্রায় ৩১ দশমিক ১০৩ গ্রামের সমান। ডলারের বিপরীতে টাকার দাম কমলে স্বর্ণ আনা বা সংগ্রহের খরচ বেড়ে যায়। এতে দেশের বাজারেও দাম বাড়তে পারে। আবার ডলার শক্তিশালী হলে অন্য মুদ্রার দেশগুলোর ক্রেতাদের জন্য স্বর্ণ ব্যয়বহুল হয়, ফলে চাহিদা কমতে পারে।
সুদের হারও স্বর্ণের দামে বড় প্রভাব ফেলে। স্বর্ণে বিনিয়োগ করে সুদ পাওয়া যায় না। অন্য বেশির ভাগ বিনিয়োগে কিছু না কিছু সুদ বা মুনাফা মেলে। তাই সুদের হার বেশি থাকলে বিনিয়োগকারীরা স্বর্ণ থেকে টাকা সরিয়ে ব্যাংক আমানত বা সরকারি বন্ডে রাখতে পারেন। এতে স্বর্ণের চাহিদা ও দাম কমতে পারে। ভবিষ্যতে সুদের হার কমতে পারে বলে মনে হলে বিনিয়োগকারীরা আবার স্বর্ণের দিকে ঝোঁকেন।
যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা, মূল্যস্ফীতি ও অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে সাধারণত স্বর্ণের চাহিদা বাড়ে। কারণ, অনেকে একে তুলনামূলক নিরাপদ বিনিয়োগ মনে করেন। তবে সংকটে দাম বাড়বেই এমন নিশ্চয়তা নেই। কেউ নগদ অর্থ পেতে বা অন্য বিনিয়োগের লোকসান পুষিয়ে নিতে স্বর্ণ বিক্রি করলে দাম কমে যেতে পারে। বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ এবং নগদ অর্থের প্রবাহও দামে ভূমিকা রাখে।
বাজুসের সভাপতি এনামুল হক খান এশিয়া পোস্টকে বলেন, সম্প্রতি স্বর্ণের বাজারে অস্থিরতার কারণে আমরা জুয়েলারি ব্যবসায়ীরা সমস্যার মুখোমুখি হচ্ছি। কিন্তু বাজুস কিংবা বাংলাদেশ সরকারের হাতে স্বর্ণের বাজার স্থিতিশীল করার মতো সহজ কোনো উপায় নেই। কারণ, এর সরবরাহ এবং মূল্য নির্ধারণ বিশ্ববাজারের ওপর নির্ভরশীল।
ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে সৃষ্ট অস্থিরতা এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে এমনিতেই ডলারের বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে। এটি স্বর্ণের দামে অস্থিরতার পেছনে বড় ভূমিকা রাখছে।
বাজুসের দাম নির্ধারণের ক্ষেত্রে বিশ্ববাজার একমাত্র মানদণ্ড নয়। পুরান ঢাকার তাঁতীবাজারকেন্দ্রিক পাইকারি বাজারের পরিস্থিতিও বিবেচনায় নেওয়া হয়। পাইকারি দাম ঠিক করে বাংলাদেশ পোদ্দার সমিতি। এক্ষেত্রে তারা স্বর্ণের প্রাপ্যতা, চাহিদা ও পুরোনো স্বর্ণ পুনর্ব্যবহারের হিসাব দেখে। ব্যাগেজ বিধিমালা অনুযায়ী বিদেশ থেকে আসা যাত্রীরা যে পরিমাণ স্বর্ণ সঙ্গে আনতে পারেন, সেটি বিবেচনায় থাকে। প্রতিবেশী ভারতে স্বর্ণের দামও দেশের বাজারকে প্রভাবিত করে।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটি বিশ্ববাজারের দাম, ডলার-টাকার বিনিময় হার এবং দেশের পাইকারি দাম পর্যালোচনা করে। পাইকারি বাজারে খাঁটি স্বর্ণের দাম বদলালে বাজুস নতুন দাম ঘোষণা করে। পাইকারি ও খুচরা পর্যায়ের মুনাফাও চূড়ান্ত দামে ভূমিকা রাখে।
বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীন এশিয়া পোস্টকে বলেন, স্থানীয় বাজারে স্বর্ণের দাম নির্ধারণের ক্ষেত্রে আমরা পাইকারি দাম, তাঁতীবাজারে স্বর্ণের সরবরাহ, ডলারের বিনিময় হার এবং মজুত পরিস্থিতি পর্যালোচনা করি।
তিনি জানান, দাম সংশোধনের প্রয়োজন হলে কমিটি সকাল ৯টায় বৈঠকে বসে বাজার পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেয়। মজুত এবং বর্তমান ও আগের দিনের দাম পর্যালোচনা করে নতুন দাম ঘোষণা করা হয়। লোকসান কমাতে ব্যবসায়ীরা দাম কমে গেলে বেশি পরিমাণে স্বর্ণ কিনে রাখেন।
আমদানি জটিলতা ও দুবাইয়ের তুলনা
বিশ্ববাজারে দাম কমলেও স্থানীয় সরবরাহের সীমাবদ্ধতা ও ডলারের উচ্চমূল্যের কারণে দেশের ক্রেতারা একই মাত্রায় সুবিধা না-ও পেতে পারেন।
বৈধ পথে বাংলাদেশে ব্যাপকভাবে স্বর্ণ আমদানি হয় না। ২০১৯ সালে বাংলাদেশ ব্যাংক কয়েকটি প্রতিষ্ঠানকে স্বর্ণ আমদানির অনুমতি দেয়। কিন্তু ডলার সংকট, আমদানি শুল্ক, আগাম অনুমোদনের বাধ্যবাধকতা ও জটিল আমলাতান্ত্রিক প্রক্রিয়ার কারণে ব্যবসায়ীরা ধীরে ধীরে আগ্রহ হারিয়ে ফেলেন। দীর্ঘ আমদানি প্রক্রিয়ায় বিপুল অর্থ অনেক সময় আটকে থাকে। ফলে দেশের স্বর্ণ সরবরাহের বড় অংশ আসে প্রবাসী বাংলাদেশি ও অন্য আন্তর্জাতিক যাত্রীদের সঙ্গে আনা স্বর্ণ, পুরোনো স্বর্ণ পুনর্ব্যবহার এবং অবৈধ পথে আনা স্বর্ণ থেকে।
স্বর্ণ কেনাবেচার জন্য দেশে আলাদা কোনো কমোডিটি এক্সচেঞ্জ নেই। বর্তমানে পাইকারি দাম ও সরবরাহ ব্যবস্থার বিভিন্ন ধাপের মুনাফার কারণে দেশে স্বর্ণের দামে বিশ্ববাজারের চেয়ে তারতম্য হতে পারে।
দুবাইয়ের সঙ্গে তুলনা করলেও দেশের বাজারে বড় ব্যবধান স্পষ্ট। ২৩ নভেম্বর দুবাইয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল প্রতি গ্রাম ৪০২ দশমিক ৫০ দিরহাম। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ১৩ হাজার ৬৩১ টাকা, অর্থাৎ ভরিপ্রতি প্রায় ১ লাখ ৫৯ হাজার টাকা।
ওই দিন বাজুস ২২ ক্যারেট স্বর্ণের দাম ঠিক করে ভরিতে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা, যা গ্রামপ্রতি প্রায় ১৬ হাজার ৯৮৫ টাকা। দুই বাজারের ব্যবধান ভরিতে প্রায় ৩৯ হাজার টাকা, গ্রামে প্রায় ৩ হাজার ৩৫৪ টাকা।
দুবাইয়ের দামে মূল্য সংযোজন কর (ভ্যাট) ও অলংকার তৈরির মজুরি ধরা নেই। দেশে ঘোষিত দামে ভ্যাট ধরা থাকলেও মজুরি আলাদা দিতে হয়। তাই অলংকার কেনার চূড়ান্ত খরচের সরাসরি তুলনা এই হিসাবে করা যায় না। তবে বড় ব্যবধানের কারণে স্বর্ণ আমদানি, সরবরাহ, করব্যবস্থা ও দাম নির্ধারণের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে গ্রাহকদের।
ব্যবসায়ীরা বলছেন, ভবিষ্যতে স্বর্ণের দাম আরও কমবে কি না, এটি বলা কঠিন। তবে ঘোষিত দাম থেকে অলংকার তৈরির মজুরি ও ব্যবসায়ীদের মুনাফা ধীরে ধীরে আলাদা করার উদ্যোগ নিয়েছে বাজুস। প্রায় দুই দশক আগে প্রচলিত একটি পদ্ধতিতে ফিরে যাওয়ার ব্যাপারে সংগঠনের অভ্যন্তরে একটি প্রস্তাব আলোচনায় রয়েছে।