আমাদের কখনো স্লোগানের অভাব হয়নি। কিন্তু, সেগুলো বাস্তবায়নে আমরা বরাবরই ব্যর্থ। কিছু ক্ষেত্রে সফলতা এলেও তার সুফল কখনো সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি। বাংলাদেশের স্বাধীনতাই এর অন্যতম উদাহরণ। আমরা ‘রাষ্ট্র’ পেয়েছি, কিন্তু অভিজাত শ্রেণি ছাড়া সাধারণ মানুষ খুব কম ক্ষেত্রেই তাদের অধিকার ও প্রাপ্য সুবিধা পেয়েছে।
হ্যাঁ, নানা দিক থেকে আমরা ধনী হয়েছি। কিন্তু ধনী-গরিবের ব্যবধান আরও বেড়ে অবিশ্বাস্য পর্যায়ে পৌঁছেছে এবং তীব্র হতাশার জন্ম দিয়েছে। সমাজের একেবারে নিচের স্তর, নিম্নবিত্তের কাছাকাছি অবস্থানে থাকা মানুষ এবং নিম্নমধ্যবিত্তরা তাদের ন্যায্য অধিকার ও সুবিধা পেয়েছেন খুব সামান্যই। জিডিপি ও মাথাপিছু আয় উল্লেখযোগ্য হারে বাড়লেও সামগ্রিক হিসাবের সীমাবদ্ধতায় এসব পরিসংখ্যানে দরিদ্র ও প্রান্তিক মানুষের দুর্দশা আড়ালেই পড়ে থাকে।
এখন আমাদের সামনে নতুন এক স্লোগান—‘সবার আগে বাংলাদেশ’। বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দলটির নির্বাচনী ইশতেহারে এই স্লোগান যুক্ত করেছেন। জাতিসংঘে দেওয়া ভাষণে তিনি এর আরেকটি রূপ তুলে ধরেছেন—‘সবার জন্য বাংলাদেশ’।
প্রথম স্লোগানটির সীমাবদ্ধতা তিনি সম্ভবত বুঝতে পেরেছেন এবং সব জাতিগোষ্ঠী ও ধর্মীয় পরিচয়ের মানুষকে গুরুত্ব দিয়ে এটিকে অন্তর্ভুক্তিমূলক করার বিচক্ষণতা দেখিয়েছেন। ‘সবার আগে বাংলাদেশ’ ও ‘সবার জন্য বাংলাদেশ’—এই দুই স্লোগান এক করলে এমন একটি স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সব প্রচেষ্টা ও শক্তি নিয়োজিত করার সুযোগ তৈরি হতে পারে, যে স্বপ্ন স্বাধীনতার ৫৫ বছরেও আমরা পূরণ করতে পারিনি।
‘সবার আগে বাংলাদেশ’ বা ‘সবার জন্য বাংলাদেশ’-এর প্রকৃত অর্থ কী? এর অর্থ কি নিজ স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে জায়গা দেওয়া এবং নিজের পরিবর্তে দেশের কল্যাণকে অগ্রাধিকার দেওয়া নয়?
আমরা কি ব্যক্তি, গোষ্ঠী বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে সবার উপরে জায়গা দিতে পারছি? এভাবে কাজ করার মানসিকতা কি আমাদের আছে? ১৯৭১ সাল ছাড়া এমন কাজের কোনো নজির কি আছে?
মানুষের মনে স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন জাগে। সেটি হলো—বিএনপির কর্মকাণ্ড, দলটির নেতা, সংসদ সদস্য ও মন্ত্রীরা কি ব্যক্তি ও দলীয় স্বার্থের আগে বাংলাদেশকে জায়গা দিচ্ছেন? কোনো সংসদ সদস্য কি অন্য একজন সংসদ সদস্যের এলাকায় উন্নয়ন প্রকল্প নিতে রাজি হবেন, যদি সেখানেই প্রকল্পটির সবচেয়ে বেশি প্রয়োজন থাকে?
না। তাদের যুক্তি, তারা অন্য এলাকার নয়, নিজ নির্বাচনী এলাকার মানুষের সেবা করার জন্য নির্বাচিত হয়েছেন। নিজ নির্বাচনী এলাকার উন্নয়নে সবকিছু করাই কেবল তাদের দায়িত্ব। তাহলে তারা কি নিজেদের নির্বাচনী এলাকার স্বার্থের আগে বাংলাদেশকে জায়গা দিতে পারবেন?
না। তাদের যুক্তি, তারা অন্য এলাকার নয়, নিজ নির্বাচনী এলাকার মানুষের সেবা করার জন্য নির্বাচিত হয়েছেন। নিজ নির্বাচনী এলাকার উন্নয়নে সবকিছু করাই কেবল তাদের দায়িত্ব। তাহলে তারা কি নিজেদের নির্বাচনী এলাকার স্বার্থের আগে বাংলাদেশকে জায়গা দিতে পারবেন?
ব্যক্তিস্বার্থ হয়তো অতিক্রম করা সম্ভব। কিন্তু, দলীয় স্বার্থ? আমাদের ইতিহাস বলে, কোনো দল ক্ষমতায় এলে সরকারের প্রতিটি শাখায়, এমনকি বেসরকারি খাতেও দলীয় স্বার্থ রক্ষায় রাষ্ট্রের পুরো প্রশাসনিক কাঠামোকে ব্যবহার করে। তাদের যুক্তি, ‘মানুষ আমাদের ভোট দিয়েছে’, তাই দলীয় স্বার্থই ‘জাতীয় স্বার্থে’ পরিণত হয়েছে। এখানেই স্বার্থের দ্বন্দ্ব প্রকট হয়ে ওঠে। প্রধানমন্ত্রীর জন্য এই দ্বন্দ্বের সমাধান করা হবে অত্যন্ত কঠিন এক চ্যালেঞ্জ।
সম্প্রতি দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন জেলায় হাসপাতালের শয্যাসংখ্যা বাড়ানোর ক্ষেত্রে জনচাহিদাকে গুরুত্ব না দিয়ে বরং ওই জেলাগুলোর প্রতিনিধিত্বকারী নেতাদের প্রভাবকে প্রাধান্য দেওয়া হয়েছে। এটাই কি ‘সবার আগে বাংলাদেশ’ নীতি?
‘সবার আগে বাংলাদেশ’কে স্লোগান থেকে বাস্তবে পরিণত করতে চাইলে শুরুতেই দুটি কাজ করতে হবে। প্রথমত, প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে এবং দ্বিতীয়ত, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে।
এর আগে এক কলামে রবিনসন ও অ্যাসেমোগলুর ‘হোয়াই নেশনস ফেইল’ বইয়ে তুলে ধরা গবেষণার ফলাফল উল্লেখ করেছিলাম। বহু দেশ নিয়ে পরিচালিত তাদের গবেষণায় স্পষ্ট হয়েছে, যেসব দেশ প্রতিষ্ঠান গড়ে তোলে, কেবল তারাই অগ্রগতির ধারাবাহিকতা ধরে রাখতে পারে। অগ্রগতি ব্যক্তিনির্ভর হলে ব্যক্তির মতোই তা টালমাটাল হয়ে পড়ে। প্রতিষ্ঠানের আগে ব্যক্তিকে জায়গা দিলে কোনো দেশই টেকসই অগ্রগতি অর্জন করতে পারে না।
বাংলাদেশ এর একটি বড় উদাহরণ। শেখ হাসিনার ১৫ বছরের বেশি সময়ের শাসনামলে তিনি সব ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলেন। বাকিরা ততটুকুই করতে পারতেন, যতটুকুর অনুমতি উপর থেকে পেতেন। পুলিশ, প্রশাসন, অধস্তন বিচার বিভাগ ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো কেবলমাত্র ব্যক্তিকেন্দ্রিকতার ভিত্তিতেই নয়, একইসঙ্গে তৎকালীন রাজনৈতিক বিবেচনার সঙ্গে সামঞ্জস্য রেখেই পরিচালিত হয়েছে।
এখন আবার সেই প্রবণতা ফিরে এসেছে। এসব প্রতিষ্ঠান ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে নয়, বরং ‘সবার আগে দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে। আমলাতন্ত্র, অধস্তন বিচার বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে সরকারি বিধিবিধান ও কার্যপ্রণালিতে সুস্পষ্টভাবে নির্ধারিত ক্ষমতা ও কর্তৃত্ব অনুযায়ী কাজ করতে দেওয়া হচ্ছে না। এগুলো ব্যক্তিনির্ভর এবং জাতীয় স্বার্থের পরিবর্তে ক্ষমতাসীন রাজনৈতিক শক্তির স্বার্থ রক্ষায় নিয়োজিত রয়েছে। এসব প্রতিষ্ঠানের কোনোটির কর্মকাণ্ডই বাংলাদেশকে সবার আগে রাখার নীতির উদাহরণ নয়।
উদাহরণ হিসেবে ব্যাংকের কথাই ধরা যাক। বেসরকারি হলেও এসব প্রতিষ্ঠান কঠোর আইনি বিধিবিধানের আওতাধীন। উদ্যোক্তারা প্রতিষ্ঠা করলেও আমানতকারীদের অর্থেই ব্যাংক টিকে থাকে। অথচ অনেক ব্যাংক পরিচালিত হয়েছে চেয়ারম্যান বা পরিচালনা পর্ষদের প্রভাবশালী সদস্যদের নির্দেশে। সেখানে ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বাধীন পেশাদার কর্মকর্তারা খুব কম ক্ষেত্রেই নিজেদের প্রকৃত দায়িত্ব পালন করতে পেরেছেন। পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনার দায়িত্বের মধ্যে আইনে সুস্পষ্ট পার্থক্য করা থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে ব্যাংকগুলো পর্ষদের ব্যক্তিগত সম্পত্তির মতো হয়ে উঠেছে। অনেক ক্ষেত্রে তৎকালীন রাজনৈতিক ক্ষমতাসীনদের যোগসাজশে এসব ঘটনা ঘটেছে। এর পরিণতিতে আমাদের অনেক ব্যাংক দেউলিয়া হওয়ার মুখে। এ কারণেই বিপুল পরিমাণ খেলাপি ঋণ তৈরি হয়েছে, যা আমাদের প্রবৃদ্ধির সম্ভাবনাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে। বিশ্বে বর্তমানে খেলাপি ঋণের সর্বোচ্চ হার বাংলাদেশের।
সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থাও একই। একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হতো ‘প্রাচ্যের অক্সফোর্ড’। আর আজ এর আন্তর্জাতিক অবস্থান নিয়ে কথা না বলাই ভালো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক উপাচার্য দায়িত্বে থাকাকালীন দাবি করেছিলেন, ক্যাম্পাসে সমুচার দাম কম হওয়ায় আমাদের গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা পাওয়া উচিত। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর এই অধঃপতনের সঙ্গে উপাচার্য নিয়োগে রাজনীতিকীকরণের গভীর সম্পর্ক রয়েছে। নিয়োগ পেয়েই উপাচার্যরা নিজেদের মেয়াদ সুসংহত করতে সেই চেনা পথেই চলেন এবং নিয়োগের ক্ষেত্রে মেধাকে পুরোপুরি উপেক্ষা করেন। অথচ মেধাভিত্তিক নিয়োগ ছাড়া সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে কোনো বিশ্ববিদ্যালয়েরই প্রকৃত মূল্য থাকতে পারে না।
একসময় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকেই শিক্ষা, আমলাতন্ত্র, বিচার বিভাগ, ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে সেরা মেধাবীরা বেরিয়ে আসতেন। অথচ, এখনকার উপাচার্যরা শিক্ষামন্ত্রী বা ক্ষমতাসীন দলের নেতাদের আদেশ পালনকারীতে পরিণত হয়েছেন। শেখ হাসিনার পতন এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির ক্ষমতায় ফেরার পর নিয়োগ পাওয়া অধিকাংশ উপাচার্যের রাজনৈতিক অনুরক্তি আছে বলে জানা যায়। ফলে তাদের বর্তমান ক্ষমতাসীন দল, বিশেষ করে দলটির ছাত্রসংগঠনের নেতাদের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাহলে এখানে ‘সবার আগে বাংলাদেশ’ কোথায়?
আরেকটি বিষয় দুর্নীতি। এটা আর ছোটখাটো সমস্যা নয়। এটা আমাদের ভবিষ্যৎ, আমাদের প্রবৃদ্ধি, অর্থনৈতিক সক্ষমতা, ব্যবসার টেকসই ভিত্তি, সুশাসন, এমনকি রাজনীতিকেও হুমকির মুখে ফেলছে। দুঃখজনকভাবে, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আমরা যথেষ্ট উদ্যোগ নিচ্ছি না।
জাতীয় সম্পদ লুটের প্রতিষ্ঠিত পদ্ধতিগুলোর একটি হলো বাণিজ্যভিত্তিক অর্থপাচার। আমদানির ক্ষেত্রে পণ্যের মূল্য বেশি দেখিয়ে এবং রপ্তানির ক্ষেত্রে মূল্য কম দেখিয়ে এ কাজ করা হয়। অর্থাৎ, বিদেশ থেকে পণ্য কেনার জন্য প্রকৃত ব্যয়ের চেয়ে বেশি অর্থ খরচ হয়েছে বলে দেখানো হয় এবং বিদেশে পণ্য বিক্রি করে প্রকৃত আয়ের চেয়ে কম অর্থ পাওয়ার তথ্য নথিভুক্ত করা হয়। এভাবেই ‘ওভার ইনভয়েসিং’ ও ‘আন্ডার ইনভয়েসিং’ করে আমাদের মূল্যবান সম্পদ অবৈধভাবে বিদেশে পাচার করা হয়।
অবৈধ অর্থপ্রবাহ পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটির (জিএফআই) ২০২৬ সালের মার্চে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় ৬ হাজার ৮০০ কোটি ডলার পাচার হয়েছে। বছরে গড়ে পাচার হয়েছে ৬৮০ কোটি ডলার।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) ২০২৫ সালের এক গবেষণায় দেখা গেছে, দেশ থেকে পাচার হওয়া অর্থের প্রায় ৭৫ শতাংশই গিয়েছে বাণিজ্যসংশ্লিষ্ট লেনদেনের মাধ্যমে।
অন্তর্বর্তী সরকারের ২০২৪ সালের দুর্নীতিবিষয়ক শ্বেতপত্রে বলা হয়েছে, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত সব ধরনের চ্যানেলে বছরে গড়ে ১ হাজার ৬০০ কোটি ডলার পাচার করা হয়েছে।
এটা কি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি না? একদিকে শিল্পকারখানা সচল রাখতে জ্বালানি কেনার জন্য আমরা আক্ষরিক অর্থেই দ্বারে দ্বারে ঘুরে ঋণ চাইছি, বাজেট সহায়তার জন্য আইএমএফ ও বিশ্বব্যাংকের কাছ থেকে অর্থ নিচ্ছি এবং যে কেউ ঋণ দিতে রাজি হলেই সেটা নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠছি। অন্যদিকে, প্রতি বছর আমাদের কাছ থেকে ৬৮০ কোটি ডলার অথবা শ্বেতপত্রের হিসাব অনুযায়ী ১ হাজার ৬০০ কোটি ডলার চুরি হয়ে যাচ্ছে।
আমাদের বুঝতে হবে, অর্থপাচার নিছক কোনো আর্থিক অপরাধ নয়। এটি এমন এক ব্যবস্থার অংশ, যা অন্য প্রশাসনিক কর্মকাণ্ডের চেয়ে অস্বাভাবিক দক্ষতায় ও দায়মুক্তি নিশ্চিত করে পরিচালিত হয়। সর্বস্তরের অংশগ্রহণের মাধ্যমে এটি দেশের শাসনপ্রক্রিয়ার প্রতিটি ক্ষেত্রে প্রবেশ করেছে। এর সঙ্গে আমাদের আর্থিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠান, ব্যাংক খাত, উচ্চপর্যায়ের তদারকি ব্যবস্থা ও আইনি কাঠামো জড়িত। এসব মামলা যখন আইনি তদারকির আওতায় আসে, তখন পুরো প্রক্রিয়া এমনভাবে প্রভাবিত করা হয় যে, সবচেয়ে স্বাভাবিক ও স্পষ্ট ব্যবস্থাও জটিল আইনি ভাষা ও যথেচ্ছ স্থগিতাদেশের বেড়াজালে আটকে যায়। ফলে, কার্যত কিছুই হয় না। এর সঙ্গে সূক্ষ্ম ও প্রকাশ্য রাজনৈতিক পৃষ্ঠপোষকতা যুক্ত হলে স্পষ্ট হয়ে যায়, অর্থপাচার আমাদের ব্যবসা পরিচালনার প্রক্রিয়ায় কতটা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।
লেখার সময় যে বিষয়টি আমাকে বিস্মিত করছে তা হলো, অর্থপাচার বন্ধ করতে আমরা কার্যকর উদ্যোগ নিয়েছি অতি সামান্য। কেন? হয়তো এই কারণে যে, ক্ষমতাসীনরা কোনো না কোনোভাবে এর সুবিধাভোগী। সেটা সম্পদের দিক থেকে হোক কিংবা রাজনৈতিক প্রভাব বিবেচনায়। বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্যের অধিকাংশই হয় ডিজিটাল পদ্ধতিতে। প্রতিটি পণ্যের দাম প্রকাশ্যেই রয়েছে এবং সেগুলো সহজেই যাচাই করা যায়।
তাহলে কীভাবে আমাদের আমদানিকারকরা পণ্যের দাম বেশি আর রপ্তানিকারকরা কম দেখান? সেটা পারার কারণ হলো, তারা প্রশাসন, ব্যাংক কর্মকর্তা, কর আদায়কারী ও রাজনৈতিক সুবিধাভোগীদের কাছ থেকে এ কাজে সহায়তা পান। তাদের কাছে ‘সবার আগে বাংলাদেশ’ নয়।
সরকারের কাছে আমরা কেবল তদন্ত চাই না। সেইসঙ্গে অপরাধীদের অপকর্ম জনসমক্ষে প্রকাশ ও তাদের দোষী সাব্যস্ত করে শাস্তি নিশ্চিত করার বিষয়টিও প্রত্যাশা করি। এসব অপরাধীদের শাস্তি দেওয়ার অনেক উদ্যোগ আমরা দেখেছি। কিন্তু শেষ পর্যন্ত সেগুলোর বাস্তবায়ন আর হয়নি।
এ প্রসঙ্গে নাইজেরিয়ার উদাহরণ টানতে বাধ্য হচ্ছি। প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে ভূগর্ভস্থ জ্বালানি তেলের বিবেচনায় দেশটি সম্ভবত আফ্রিকার সবচেয়ে ধনী। কয়েক দশক ধরেই তারা এই অবস্থানে। অথচ সেখানকার সাধারণ মানুষ বিশ্বে অন্যতম দরিদ্র, আর দেশটির অভিজাত শ্রেণি বিশ্বে অন্যতম ধনী। কেন? কারণ, দেশটির অভিজাত শ্রেণির সঙ্গে আন্তর্জাতিক ব্যবসায়ীদের যোগসাজশ রয়েছে।
আন্তর্জাতিক ব্যবসায়ীরা সুইস ব্যাংকসহ বিভিন্ন জায়গায় অভিজাতদের সম্পদ বাড়াতে সহায়তা করে, আর বিনিময়ে নিজেরা বিশেষ সুবিধা নেয়। এর ফলে সাধারণ নাইজেরিয়ানরা দরিদ্রই থেকে যায়। এই উদাহরণ টানার উদ্দেশ্য শুধু এই যোগসাজশের বিষয়টি তুলে ধরা, এর বেশি কিছু নয়।
‘সবার আগে বাংলাদেশ’ নিয়ে যদি সত্যিই আমরা আন্তরিক হই, তাহলে সেটা শুরু করতে পারি ব্যক্তির আগে প্রতিষ্ঠানকে প্রাধান্য দিয়ে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে।
পাশাপাশি আমরা এটাও জানি, বাংলাদেশকে ‘সবার আগে’ রাখার দায়িত্ব শুধু সরকারের না। ব্যক্তি ও পেশাজীবী হিসেবে আমাদেরও সেটা নিশ্চিত করতে হবে। যেখানে নিজের সুবিধা হয় কেবল সেখানে আইন মানলে চলবে না, সবসময়ই মানতে হবে। আমাদের সৎ হতে হবে। পেশাজীবী হিসেবে সেবাগ্রহীতাদের সন্তোষজনক সেবা দিতে হবে। আর সর্বোপরি, যথাযথ কর পরিশোধ করতে হবে।
‘সবার আগে বাংলাদেশ’-এর প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। তবে, এটিকে নিছক একটা স্লোগানে সীমাবদ্ধ করে রাখবেন না।
মাহফুজ আনাম: সম্পাদক ও প্রকাশক, দ্য ডেইলি স্টার