Image description

যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করা পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা তৈরি, রপ্তানিতে প্রণোদনা, চীন থেকে কাঁচামাল আমদানিতে নির্ভরতা, শ্রম সুরক্ষায় ঘাটতিসহ কয়েকটি কারণে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে– এমন অভিযোগ এনে বাংলাদেশের ওপর ইউএসটিআর ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত ঘোষণা করেছে। 

গতকাল বুধবার ইউএসটিআর সংস্থাটির ওয়েবসাইটে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তির সঙ্গে বাংলাদেশ বিষয়ে আলাদা রিপোর্ট সংযুক্ত করেছে ইউএসটিআর। 

ইউএসটিআর বলেছে, কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতার মাধ্যমে মার্কিন বাণিজ্যে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে বাংলাদেশসহ ১৩ দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের ওপর বিভিন্ন হারে অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের ৩০১ ধারায় নতুন শুল্ক আরোপ করা হবে। এ বিষয়ে দীর্ঘ তদন্ত শেষে তারা এ সিদ্ধান্ত নিয়েছে। মূলত তৈরি পোশাকশিল্পে তারা এ ধরনের অন্যায্য পরিস্থিতি পেয়েছে বলে দাবি করেছে। 

নতুন এই শুল্ক আরোপ হলে ৩০১ ধারার আওতায় আগে আরোপিত শুল্ক বাদ যাবে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের স্বাভাবিক শুল্ক ছিল প্রায় ১৬ শতাংশ। ৩০১ ধারার আওতায় জোরপূর্বক শ্রমে উৎপাদিত দেশ থেকে আমদানির অভিযোগ এনে গত ২৪ জুলাই ১০ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এর ফলে বাংলাদেশি পণ্যে বর্তমানে প্রায় ২৬ শতাংশ শুল্ক আরোপ হয়। যদি ১৮ শতাংশ নতুন শুল্ক ধার্য হয়, তাহলে আগের ১০ শতাংশ বাদ দিয়ে প্রায় ৩৪ শতাংশ মোট শুল্কহার দাঁড়াবে। তবে ইউএসটিআর বলেছে, ১৮ শতাংশ পর্যন্ত। এ কারণে এখনই মোট সম্ভাব্য শুল্কের প্রকৃত অঙ্ক নির্ধারণ করা যাবে না। 

যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপের এই ঘোষণা এমন সময়ে এলো, যার এক দিন আগে পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। তৈরি পোশাকশিল্পের মালিকরা বলছেন, মজুরি বৃদ্ধির চাপের মধ্যে নতুন করে বাড়তি শুল্ক তাদের আরও সংকটে ফেলবে। 

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিষয়ে মতামত জানতে চাইলে গতকাল রাতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির টেলিফোনে সমকালকে বলেন, ‘আমাদের অবস্থান আমরা আগেই যুক্তরাষ্ট্রকে জানিয়েছি। আমরা মনে করি না, বাংলাদেশের বিরুদ্ধে শুল্ক বাড়ানোর কোনো যৌক্তিকতা রয়েছে। তাই আমরা আশা করছি, নতুন করে শুল্ক আরোপ হবে না।

তিনি বলেন, ‘বাংলাদেশে অতিরিক্ত শিল্প উৎপাদন বা উৎপাদন সক্ষমতা নেই– এটাই আমাদের বক্তব্য। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনে নির্দিষ্ট সীমা পর্যন্ত শুল্ক বাড়ানোর ক্ষমতা দিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো শুল্ক বাড়ানো হয়নি। আমরা আশা করি, শেষ পর্যন্ত শুল্ক আমাদের ক্ষেত্রে বাড়ানোর মতো কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।’

ইউএসটিআরের সিদ্ধান্ত অনুযায়ী, ঘোষিত ১৪টি অর্থনীতি হলো– বাংলাদেশ, চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, জাপান এবং ভারত। এখানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ২৭টি। অর্থাৎ নতুন করে ৪০ দেশের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত হয়েছে। 

 

 

 

ইউএসটিআরের পর্যালোচনায় বলা হয়, বাণিজ্যিক অংশীদারদের রাষ্ট্রীয় অন্যায্য সুবিধা ও শ্রমিকের অধিকার বঞ্চিত করার কারণে আন্তর্জাতিক বাজারে কৃত্রিম অতিরিক্ত সক্ষমতা তৈরি হয়েছে, যা আমেরিকান উৎপাদন খাতকে ক্ষতিগ্রস্ত করছে। এই বাণিজ্য পদক্ষেপগুলোর মূল উদ্দেশ্য হলো, আন্তর্জাতিক বাণিজ্যে সমতা ফিরিয়ে আনা এবং মার্কিন শ্রমিকদের স্বার্থ সুরক্ষা করা।

মার্কিন বাণিজ্য দপ্তর জানিয়েছে, প্রস্তাবিত শুল্কের ওপর এখনই চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে না। ২০২৭ সালের ৫ জানুয়ারি পর্যন্ত ব্যবসায়ী ও অংশীদার দেশগুলোর সরকারের কাছ থেকে লিখিত প্রতিক্রিয়া নেওয়া হবে। এরপর ২০২৭ সালের ২৫ জানুয়ারি থেকে ইউএসটিআর গণশুনানি আয়োজন করবে। শুনানি শেষে নতুন শুল্কের চূড়ান্ত হার ঘোষণা করা হবে।

বাংলাদেশের ওপর কেন নতুন শুল্ক 

ইউএসটিআর বলেছে, বাংলাদেশ থেকে আমদানি করা সব পণ্যের ওপর বিদ্যমান সেকশন ৩০১ শুল্কের অধীনে আরোপিত অতিরিক্ত নয়, বরং তা সমন্বয় করে সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের বিষয়টি বিবেচনার প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর)। 

ইউএসটিআর জানিয়েছে, এ প্রস্তাবে বাংলাদেশের সঙ্গে চলমান আলোচনা এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তিতে নির্দিষ্ট কিছু বিষয়ে বাংলাদেশের দেওয়া প্রতিশ্রুতিও বিবেচনায় নেওয়া হয়েছে। বাংলাদেশ-সংশ্লিষ্ট যেসব কার্যক্রম, নীতি ও চর্চা নিয়ে যুক্তরাষ্ট্রের আপত্তি রয়েছে, সেগুলো বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপের অংশ হিসেবে এ প্রস্তাব দিয়েছে ইউএসটিআর।

ইউএসটিআর তাদের বিশেষ ‘বাংলাদেশ রিপোর্ট’-এ নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তের বেশ কিছু কারণ চিহ্নিত করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সরকার অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং জাতীয় রপ্তানি নীতি ২০২৪-২৭ এর মাধ্যমে সাধারণ বাজার চাহিদার বাইরে গিয়ে জোরপূর্বক রপ্তানিমুখী প্রবৃদ্ধি অর্জনের নীতি নিয়েছে। এর জন্য রাষ্ট্রীয় সহায়তায় তৈরি পোশাক খাতের সক্ষমতা অপ্রয়োজনীয়ভাবে বাড়িয়ে আন্তর্জাতিক বাজারে পণ্য সরবরাহ বাড়ানো হচ্ছে। বাংলাদেশে ৪৩টিরও বেশি রপ্তানিমুখী খাতে রাষ্ট্রীয় কোষাগার থেকে শূন্য দশমিক ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত নগদ প্রণোদনা দেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ও অর্থনৈতিক অঞ্চলগুলোতে ৫ থেকে ৭ বছরের কর অবকাশ সুবিধা ও শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হয়। ২০২৬ সালের ঈদের আগে পোশাকশিল্প মালিকদের ২০ কোটি ৩২ লাখ ডলারের বেশি নগদ প্রণোদনা দেওয়া হয়, যা বাজারে অন্যায্য সুবিধা তৈরি করে।

মার্কিন প্রতিবেদনে বাংলাদেশের শ্রম পরিস্থিতি ও মজুরি কাঠামোরও তীব্র সমালোচনা করা হয়। ইউএসটিআর জানায়, ২০২৬ সালের সংশোধিত শ্রম আইনেও শ্রমিকদের সংগঠন গঠন ও যৌথ দর কষাকষির পূর্ণ স্বাধীনতা নিশ্চিত হয়নি। বিশেষ করে ইপিজেড এলাকায় স্বাধীন ট্রেড ইউনিয়ন নিষিদ্ধ। এ ছাড়া বাংলাদেশে পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি রপ্তানিতে প্রতিযোগী অন্য দেশের চেয়ে কম বলে উল্লেখ করা হয়। প্রসঙ্গত, ইউএসটিআর ১২ হাজার ৫০০ টাকা (১০১-১২২ ডলার) ন্যূনতম মজুরি বিবেচনায় নিয়েছে। 

যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ উল্লেখ করেছে, বাংলাদেশ তৈরি পোশাক খাতের জন্য চীন থেকে বিপুল পরিমাণ সস্তা কাঁচামাল, সুতা ও টেক্সটাইল যন্ত্রপাতি আমদানি করছে। তৈরি পোশাক খাতের কাঁচামালের প্রায় ৭০ শতাংশই আসে চীন থেকে। ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে চীন থেকে বাংলাদেশের কাঁচামাল আমদানি ৬৮ শতাংশ বেড়েছে। একই সঙ্গে শুল্ক এড়াতে চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশে কারখানা স্থাপন করায় চীনের অতিরিক্ত উৎপাদন সক্ষমতা বাংলাদেশ হয়ে মার্কিন বাজারে প্রবেশ করছে বলে অভিযোগ ওয়াশিংটনের।

বাংলাদেশের ব্যাংকিং খাতে ব্যাংকের সুদের হার, আন্তর্জাতিক মুদ্রা লেনদেন এবং ঋণ বণ্টনে রাষ্ট্রের কড়াকড়ির কথা উল্লেখ করা হয়েছে। ইউএসটিআরের মতে, এ ধরনের প্রশাসনিক আর্থিক নিয়ন্ত্রণ ও কৃত্রিম মুদ্রা ব্যবস্থা অবাধ বাজার প্রতিযোগিতাকে ব্যাহত করে।

বিশেষজ্ঞ ও রপ্তানিকারকরা যা বললেন 
নতুন শুল্কারোপের ঘোষণাকে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানিতে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বাণিজ্য বিশ্লেষক এবং রপ্তানিকারকরা। এ ঘটনার জেরে সরাসরি যুক্তরাষ্ট্রে রপ্তানি কমবে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-সহ অন্যান্য বাজারেও তুমুল প্রতিযোগিতার মুখে পড়বে বাংলাদেশের পণ্য। 

জানতে চাইলে গবেষণা সংস্থা র‍্যাপিডের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক সমকালকে বলেন, মার্কিন নতুন শুল্ক একেবারেই অনাকাঙ্ক্ষিত। এতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি কমবে। কারণ, অতিরিক্ত শুল্কের কারণে চাহিদা কমবে। বাজার ছোট হয়ে আসবে। এর চেয়ে বড় সমস্যা হবে প্রতিযোগী অন্য দেশগুলো যুক্তরাষ্ট্রের বদলে ইইউসহ অন্যান্য বাজারে মনোযোগ বাড়াবে। কারণ, যুক্তরাষ্ট্র চীন ভিয়েতনামের মতো বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোতে আরও বেশি হারে শুল্ক আরোপ করছে। এতে বাংলাদেশ তুমুল প্রতিযোগিতার সম্মুখীন হবে। যদিও নতুন শুল্ক কাঠামো আগামী জানুয়ারি থেকে কার্যকর হতে পারে। 

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের শুল্ক ১৯ শতাংশ হওয়ার কথা। সেখান থেকে খুব বেশি লাভবান হবে না বাংলাদেশ। কারণ, চুক্তিটি ছিল একতরফা। বাংলাদেশকে অপ্রয়োজনীয় কেনাকাটা করতে বাধ্য করছে তারা। 

তৈরি পোশাকের নিট ক্যাটেগরির পণ্য উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম সমকালকে বলেন, দেশে যখন মজুরির বৃদ্ধির নতুন চাপে আছে পোশাক খাত ঠিক সেই মুহূর্তে সবচেয়ে বড় একক বাজার যুক্তরাষ্ট্র সরকারের শুল্ক আরোপের ঘোষণায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে দেশের রপ্তানি খাতে। অতীতে এ রকম শুল্ক আরোপের পর থেকে দেখা গেছে, রপ্তনানিকারক বড় দেশগুলো যুক্তরাষ্ট্রের পরিবর্তে ইউরোপ ও নতুন বাজার শ্রেণির বাজারগুলোতে দর কমিয়ে আগ্রাসী রপ্তানি বাড়ানোর চেষ্টা করে। নিজস্ব কাঁচামাল এবং কম লিড টাইমের সুবিধায় ওই সব দেশ কম দামে পণ্য দিতে পারে, যা বাংলাদেশের পক্ষে দেওয়া সম্ভব হয় না। এবারও তেমন আশঙ্কা করছেন তারা। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এ বিষয় দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেওয়া দরকার যাতে বাংলাদেশ বাড়তি শুল্কের বোঝা এড়াতে পারে। 

নতুন শুল্কের প্রেক্ষাপট 
গত বছরের ২ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর দেশের বিশাল বাণিজ্য ঘাটতি মোকাবিলা জরুরি আইনে বিশ্বের অধিকাংশ দেশের পণ্যে বাড়তি শুল্ক আরোপ করে। বাংলাদেশি পণ্যে প্রথমে ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়, যা পরে কমিয়ে ৩২ শতাংশে নামানো হয়। তবে শর্ত দেওয়া হয়, কোনো দেশ তাদের শর্ত মেনে বাণিজ্য চুক্তি করলে অপেক্ষাকৃত কম শুল্ক আরোপ করবে। এরপর বাংলাদেশ আলোচনা করে এই শুল্ক ১৯ শতাংশে নামাতে চুক্তি করে। তাই চুক্তি এখনও কার্যকর হয়নি। 

জরুরি আইনে ট্রাম্পের শুল্ক আরোপের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করা হলে দেশটির সুপ্রিম কোর্ট তা বেআইনি ঘোষণা করে। ফলে এর কার্যকারিতা হারায়। কিন্তু বিকল্প উপায়ে শুল্ক আরোপের পথ খুঁজতে থাকে ট্রাম্প প্রশাসন। শেষ পর্যন্ত দেশটির ১৯৭৪ সালের বাণিজ্য আইনের অধীন দুটি ধারা পুঁজি করে আন্তর্জাতিক শ্রম আইন লঙ্ঘন করে জোরপূর্বক শ্রমে পণ্য উৎপাদন করা ইস্যুতে এবং কোনো দেশ তার দেশের শিল্পকে অতিরিক্ত সুবিধা দিয়ে এমন পরিস্থিতি তৈরি করছে কিনা, যার কারণে যুক্তরাষ্ট্রের রপ্তানি ও বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে– তার ওপর তদন্ত শুরু করে। এই দুটি ধারায় কোনো দেশের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে শাস্তিস্বরূপ বাড়তি শুল্ক আরোপের ক্ষমতা দেওয়া আছে।

জোরপূর্বক শ্রম ব্যবহারে পণ্য ব্যবহারের প্রমাণ পাওয়ার কথা বলে বাংলাদেশি পণ্যে গত জুলাই মাসে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়। উৎপাদন সক্ষমতা ইস্যুতে ৩০১ ধারার তদন্ত রিপোর্ট পাওয়ার পর নতুন করে বাড়তি শুল্কের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

অন্য দেশের ক্ষেত্রে কত
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের পণ্যের ওপরও বাংলাদেশের সমান অর্থাৎ সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক বসানোর সুপারিশ করা হয়েছে।

চীনের পণ্যের ওপর নতুন করে সর্বোচ্চ ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের সুপারিশ করা হয়েছে (নির্ধারিত কিছু পণ্যে এটি ১০ শতাংশ হতে পারে)। এশিয়ার অন্যতম প্রধান পোশাক রপ্তানিকারক দেশ ভিয়েতনামের ওপর সবচেয়ে কঠোর সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক প্রস্তাব করা হয়েছে। তবে দ্বিপক্ষীয় চুক্তি হলে তা ২০ শতাংশে নামতে পারে।

ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব করা হয়েছে, যা বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হলে ১৭ শতাংশে নামিয়ে আনা সম্ভব। এ ছাড়া সিঙ্গাপুরের প্রযুক্তি ও রাসায়নিক পণ্য রপ্তানিকারক সিঙ্গাপুরের ওপর সর্বোচ্চ ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক প্রস্তাব করা হয়েছে, যা চুক্তি সাপেক্ষে ১০ শতাংশ হতে পারে।

একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রের জোটের পণ্যের ওপর নিট ১৫ শতাংশ অতিরিক্ত শুল্কের হার নির্ধারণ করা হয়েছে। জাপান, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড ও তাইওয়ানের পণ্যে ১৫ শতাংশ অতিরিক্ত শুল্কের হার প্রস্তাব করেছে ইউএসটিআর।