Image description

আর্থিক সংকটের মধ্যেও সংবাদপত্রে ব্যয়বহুল বিজ্ঞাপন এবং নিয়মিত জনসংযোগ কর্মসূচিতে অংশ নেওয়ায় প্রশ্নের মুখে পড়েছেন ঢাকার দুই সিটি করপোরেশনের দুই প্রশাসক। আগামী মেয়র নির্বাচনে তাদের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনার মধ্যেই এমন প্রচারণার বিষয়টি সামনে এসেছে।

বিরোধী রাজনৈতিক দল, রাজনৈতিক বিশ্লেষক এবং নির্বাচন বিশেষজ্ঞরা প্রশাসকদের নাম ও ছবি সংবলিত এসব বিজ্ঞাপন ও প্রচার-প্রচারণাকে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ‘সম্ভাব্য আগাম নির্বাচনী প্রচারণা’ হিসেবে দেখছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম ইতিমধ্যে বিএনপির প্রার্থী হিসেবে আগামী মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। অন্যদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন প্রকাশ্যে কিছু না বললেও তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে গুঞ্জন রয়েছে।

ক্ষমতাসীন দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচিত এই দুই প্রশাসক গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নিজ নিজ করপোরেশনের পক্ষ থেকে অন্তত ২০টি শীর্ষস্থানীয় সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছেন।

এসব বিজ্ঞাপনে তাদের নাম অথবা ছবি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি দুজন প্রশাসকই নিয়মিত দলীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন, যার মধ্যে নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা হিসেবে প্রচারিত অনুষ্ঠানও রয়েছে।

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনও সংবাদপত্রে নিজের ছবি সংবলিত বিজ্ঞাপন দিয়েছেন।

সিটি করপোরেশনগুলো যখন আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তখন এই বিপুল অর্থ ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মুহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী। তিনি বলেন, ‘সিটি করপোরেশনগুলোর কাছে যদি নিয়মিত কার্যক্রম পরিচালনার মতোই পর্যাপ্ত তহবিল না থাকে, তবে বিজ্ঞাপনের এই অর্থের উৎস নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক।’

ডিএনসিসির বিজ্ঞাপনগুলোতে মিল্টনের নাম থাকলেও ছবি ছিল না। তবে ডিএসসিসির বিজ্ঞাপনগুলোতে আবদুস সালামের নাম ও ছবি—দুটোই ছাপা হয়েছে। রাজশাহী সিটি করপোরেশনের বিজ্ঞাপনগুলোতেও রিটনের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে।

প্রচলিত বিজ্ঞাপন হার অনুযায়ী, সংবাদপত্রের প্রথম পাতায় প্রতি কলাম-ইঞ্চি বিজ্ঞাপনের খরচ ১২ হাজার থেকে ১৫ হাজার টাকা এবং শেষ পাতায় প্রতি কলাম-ইঞ্চির খরচ ১০ হাজার থেকে ১২ হাজার টাকা।

সর্বোচ্চ হার হিসাব করলে, ডিএনসিসির ৪০ কলাম-ইঞ্চির প্রতিটি বিজ্ঞাপনের খরচ হতে পারে প্রায় ৬ লাখ টাকা। সেই হিসাবে ২০টি সংবাদপত্রে বিজ্ঞাপন বাবদ আনুমানিক ব্যয় দাঁড়ায় ১ কোটি ২০ লাখ টাকা। একইভাবে, ডিএসসিসির ২৪ কলাম-ইঞ্চির প্রতিটি বিজ্ঞাপনের খরচ সর্বোচ্চ ৩ লাখ ৬০ হাজার টাকা পর্যন্ত হতে পারে, যা ২০টি সংবাদপত্রের ক্ষেত্রে দাঁড়ায় ৭২ লাখ টাকা।

 

সেই হিসাবে ঢাকার দুই সিটি করপোরেশনের সম্মিলিত আনুমানিক ব্যয় ১ কোটি ৯২ লাখ টাকায় পৌঁছাতে পারে। তবে এই হিসাব অর্থ পরিশোধের তথ্যের পরিবর্তে প্রচলিত বিজ্ঞাপন হারের ওপর ভিত্তি করে করা হয়েছে। এ ছাড়া রাজশাহী সিটি করপোরেশনও বেশ কয়েকটি সংবাদপত্রে তাদের প্রশাসকের নাম ও ছবি সংবলিত বিজ্ঞাপন দিয়েছে।

ঢাকার দুই সিটি করপোরেশনে আর্থিক টানাপোড়েন চলার মধ্যেই এই প্রচারণা চালানো হচ্ছে। গত মার্চে তীব্র আর্থিক সংকটের কথা উল্লেখ করে দুই প্রশাসকই প্রধানমন্ত্রীর কাছে থোক বরাদ্দ চেয়েছিলেন।

আবদুস সালাম জানিয়েছিলেন, রাজস্ব আদায় ধীরগতিতে চলছে। অন্যদিকে, মিল্টন ডিএনসিসির আর্থিক অবস্থাকে ‘ভঙ্গুর’ উল্লেখ করে বলেছিলেন, ১ হাজার ৪৭০ কোটি টাকার দরপত্র ও কার্যাদেশের বিপরীতে করপোরেশনের তহবিলে আছে মাত্র ২৫ কোটি টাকা।

প্রশাসকদের এই প্রচারণামূলক কর্মকাণ্ডের সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি টাইমসকে বলেন, ‘নিজের প্রচারের জন্য রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করা অগণতান্ত্রিক, অন্যায় এবং নিন্দনীয়।’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইতোমধ্যে আসন্ন নির্বাচনে প্রশাসকদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে।

এ বিষয়ে আবদুস সালামের মন্তব্য জানতে যোগাযোগ করা হলে তার ব্যক্তিগত সহকারী ফারুকুল ইসলাম সেলিম জানান, আবদুস সালাম সিটি করপোরেশনের চলমান অভিযান নিয়ে ব্যস্ত আছেন।’ একাধিকবার চেষ্টা করেও মিল্টন এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক রিটনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

জনসংযোগ কর্মসূচিতে দলীয় কার্যক্রম

ঢাকার দুই প্রশাসক, বিশেষ করে আবদুস সালাম প্রায় প্রতিদিনই বিভিন্ন জনসংযোগ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তাদের উপস্থিতির ছবিগুলো করপোরেশনের ফেসবুক পেজে ফলাও করে প্রচার করা হচ্ছে।

ডিএসসিসির পক্ষ থেকে প্রচারিত ভিডিও ও ছবিগুলোতে আবদুস সালামকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে। জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সিটি করপোরেশনের বিভিন্ন অভিযানের ছবির ক্ষেত্রেও একই চিত্র দেখা যায়। তবে ডিএনসিসির আপলোড করা ছবি ও ভিডিওতে এমন প্রবণতা দেখা যায়নি।

নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা হিসেবে প্রচারিত অনুষ্ঠানগুলো মূলত দলীয় নেতাকর্মীদের নিয়ে আয়োজন করা হচ্ছে, যেখানে বিতরণ করা লিফলেটে প্রশাসকদের ছবি থাকছে।

গত ২৬ অক্টোবর ডিএসসিসির এমন একটি মতবিনিময় সভায় ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, শাহবাগ ও রমনা এলাকার বাসিন্দাদের অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু উপস্থিত দর্শকদের প্রায় সবাই ছিলেন বিএনপির নেতাকর্মী।

জনমত সংগ্রহের উদ্দেশ্যে আয়োজিত বলে দাবি করা হলেও, সভাটিকে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতির অংশ বলেই মনে হয়েছে। সভায় বক্তব্য দেওয়া বিএনপির বেশ কয়েকজন নেতা কাউন্সিলর পদে নির্বাচন করতে আগ্রহী।

তাদের মধ্যে কয়েকজন নিজেদের ‘জনপ্রতিনিধি’ হিসেবে পরিচয় দিয়ে নিজ নিজ এলাকার সমস্যা নিয়ে কথা বলা শুরু করলে আবদুস সালাম তাদের থামিয়ে দেন। তিনি বলেন, ‘আগে নির্বাচনে জিতে কাউন্সিলর হন, তারপর দায়িত্ব দেওয়া হবে।’

এসব সভাকে আগাম নির্বাচনী প্রচারণা হিসেবে আখ্যায়িত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক আবু হোসেন মুহাম্মদ আহসান বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যে সরকারি সেবা বা প্রতিষ্ঠান ব্যবহার করা দুর্নীতির শামিল।’

ব্যবস্থা নেওয়ার সুযোগ দেখছে না ইসি

নির্বাচন কমিশন (ইসি) এখনো সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেনি। নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদের মতে, এ পর্যায়ে প্রশাসকদের কর্মকাণ্ডের ওপর কোনো ধরনের আইনি বিধিনিষেধ আরোপের সুযোগ নেই।

আলোচিত ‘মেয়র’ পদের বিজ্ঞাপনগুলোর বিষয়ে কিছু জানা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘বিদ্যমান আইন অনুযায়ী, এ ধরনের পদে থাকা যেকোনো ব্যক্তিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা কর্তৃপক্ষের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে।’

পদত্যাগপত্র গৃহীত হওয়ার পরই ওই ব্যক্তি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য বলে বিবেচিত হবেন বলে জানান এই নির্বাচন কমিশনার।