Image description

দেশের ব্যাংক খাতে একদিকে কিছু ব্যাংকের মুনাফা বাড়ছে, অন্যদিকে বড় অঙ্কের লোকসানে পড়ছে কয়েকটি ব্যাংক। তালিকাভুক্ত ব্যাংকগুলোর সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদনে এই বৈপরীত্য স্পষ্ট। তবে ভালো ব্যাংকগুলোর মুনাফা বাড়ার পেছনে বেসরকারি খাতে ঋণ বিতরণের চেয়ে সরকারের কাছে ঋণ দেওয়ার ভূমিকা বেশি। বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নিচ্ছে সরকার। ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করে ব্যাংকগুলোও তুলনামূলক নিরাপদে ভালো সুদ পাচ্ছে।  

অন্যদিকে বিনিয়োগের পরিবেশ না থাকায় ব্যবসায়ীরা ব্যাংক থেকে ঋণ নিতে আগ্রহী হচ্ছেন না। ফলে ব্যাংকে বিপুল অর্থ অলস পড়ে থাকছে, বাড়ছে বেসরকারি খাতে বিনিয়োগের স্থবিরতা। ব্যাংক খাতের এই পরিস্থিতি, মুনাফার উৎস ও অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে জাগো নিউজের সঙ্গে কথা বলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী। সাক্ষাৎকার নিয়েছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সাঈদ শিপন। 

জাগো নিউজ: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর সর্বশেষ আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যাচ্ছে, কিছু ব্যাংক ভালো মুনাফা করছে। অন্যদিকে ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও এবি ব্যাংকের মতো কয়েকটি ব্যাংক বড় অঙ্কের লোকসানে রয়েছে। ব্যাংক খাতের এই বৈপরীত্য কী নির্দেশ করে? 

 

ফারুক আহমেদ সিদ্দিকী: এর কারণ খুবই স্পষ্ট। যেসব ব্যাংকের খেলাপি ঋণ বা নন-পারফর্মিং লোন (এনপিএল) অনেক বেশি, সেসব ব্যাংকের আর্থিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে। কোনো কোনো ব্যাংকের খেলাপি ঋণের হার ৩০ থেকে ৪০ শতাংশ, এমনকি ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত হয়েছে। ইসলামী ব্যাংকের ক্ষেত্রেও বিপুল পরিমাণ ঋণ অনাদায়ি হয়ে পড়েছে। 

এ ধরনের ব্যাংকের প্রতি মানুষের আস্থা কমে গেছে। আমানতকারীরা এসব ব্যাংকে টাকা রাখতে চাইছেন না। ফলে নতুন আমানত আসছে না। অথচ ব্যাংকের পরিচালন ব্যয়সহ অন্যান্য খরচ ঠিকই বহন করতে হচ্ছে। নতুন আমানত না আসা এবং ঋণ আদায় করতে না পারার কারণে এসব ব্যাংকের লোকসান বাড়ছে।  

ব্যাংকিং ব্যবসা মূলত আস্থার ওপর নির্ভরশীল। যেসব ব্যাংকের খেলাপি ঋণ বেশি এবং আর্থিক অবস্থা দুর্বল, সেসব ব্যাংকের প্রতি মানুষের আস্থা কমে গেছে। ফলে মানুষ সেখানে টাকা রাখছে না। এ কারণে ব্যাংকগুলোর সংকট আরও ঘনীভূত হচ্ছে।

যেসব ব্যাংকের প্রতি মানুষের আস্থা নেই, সেখান থেকে আমানতকারীরা টাকা সরিয়ে নিচ্ছেন। সেই টাকা আবার যেসব ব্যাংকের প্রতি মানুষের আস্থা রয়েছে, সেসব ব্যাংকে জমা রাখছেন। অর্থাৎ দুর্বল ব্যাংক থেকে আমানত ভালো ব্যাংকগুলোতে চলে যাচ্ছে।

জাগো নিউজ: সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, পূবালী ব্যাংক ও প্রাইম ব্যাংকের মতো কয়েকটি ব্যাংক ভালো মুনাফা করছে। এর কারণ কী? 

ফারুক আহমেদ সিদ্দিকী: বেশ কয়েকটি ব্যাংক ভালো করছে। যেমন ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, পূবালী ব্যাংক, প্রাইম ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক। প্রায় ১৫টি ব্যাংকের অবস্থা মোটামুটি ভালো। এর মধ্যে তিন-চারটি ব্যাংকের পারফরম্যান্স বেশ ভালো। 

এসব ব্যাংকের খেলাপি ঋণের হার তুলনামূলক কম। কোনো কোনো ব্যাংকের খেলাপি ঋণের হার ৩ থেকে ৪ শতাংশের বেশি নয়। ফলে এসব ব্যাংকের প্রতি মানুষের আস্থা রয়েছে। যেসব ব্যাংকের প্রতি মানুষের আস্থা নেই, সেখান থেকে আমানতকারীরা টাকা সরিয়ে নিচ্ছেন। সেই টাকা আবার যেসব ব্যাংকের প্রতি মানুষের আস্থা রয়েছে, সেসব ব্যাংকে জমা রাখছেন। 

 

অর্থাৎ দুর্বল ব্যাংক থেকে আমানত ভালো ব্যাংকগুলোতে চলে যাচ্ছে। ফলে ভালো ব্যাংকগুলোতে আমানতের পরিমাণ বাড়ছে। তবে এসব ব্যাংক কীভাবে মুনাফা করছে, সেটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।

জাগো নিউজ: ব্যাংকগুলোতে আমানত বাড়লেও বেসরকারি খাতে ঋণ বিতরণ ও বিনিয়োগের চিত্র ভালো নয়। তাহলে ভালো ব্যাংকগুলোর মুনাফার উৎস কী? 

ফারুক আহমেদ সিদ্দিকী: এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বর্তমানে বেসরকারি খাতে ঋণের চাহিদা অনেক কম। গত ৩৫ বছরের মধ্যে বেসরকারি খাতে ব্যাংকঋণের প্রবৃদ্ধি সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ব্যবসায়ীদের ঋণ নেওয়ার আগ্রহ কম। এর প্রধান কারণ বিনিয়োগের পরিবেশ নেই।

বর্তমানে বেসরকারি খাতে ঋণের চাহিদা অনেক কম। গত ৩৫ বছরের মধ্যে বেসরকারি খাতে ব্যাংকঋণের প্রবৃদ্ধি সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ব্যবসায়ীদের ঋণ নেওয়ার আগ্রহ কম। এর প্রধান কারণ বিনিয়োগের পরিবেশ নেই।

অন্যদিকে সরকার বাজেটের ঘাটতি মেটাতে ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নিচ্ছে। সরকারের অর্থায়নের ঘাটতি প্রায় আড়াই লাখ কোটি টাকা। এর মধ্যে প্রায় দেড় লাখ কোটি টাকা ব্যাংকব্যবস্থা থেকে ঋণ নেওয়ার প্রয়োজন হচ্ছে। 

সরকার ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ডের মাধ্যমে ব্যাংকগুলো থেকে এই ঋণ নিচ্ছে। ট্রেজারি বিল স্বল্পমেয়াদি এবং ট্রেজারি বন্ড দীর্ঘমেয়াদি সরকারি ঋণপত্র। কয়েক মাস আগেও এসব বন্ডে সুদের হার ১২ থেকে সাড়ে ১২ শতাংশ পর্যন্ত ছিল। এখন তা কমে প্রায় ৯ শতাংশে এসেছে। তারপরও ব্যাংকগুলো সরকারকে বিপুল পরিমাণ ঋণ দিচ্ছে। 

ব্যাংকগুলোর কাছে এটি তুলনামূলক নিরাপদ বিনিয়োগ। কারণ, সরকারি বন্ডে খেলাপি হওয়ার ঝুঁকি নেই বললেই চলে এবং ভালো সুদ পাওয়া যায়। ফলে কিছু ব্যাংকের মুনাফার বড় একটি অংশ আসছে সরকারি ট্রেজারি বন্ড ও বিল থেকে পাওয়া সুদের মাধ্যমে।  

 

অর্থাৎ এসব ব্যাংক মূলত বেসরকারি খাতে ঋণ বিতরণ করে মুনাফা করছে না। সরকারকে ঋণ দিয়ে যে সুদ পাচ্ছে, সেটিই তাদের মুনাফার বড় উৎস হয়ে উঠেছে।

জাগো নিউজ: ব্যাংকগুলোর মুনাফার বড় অংশ যদি সরকারকে ঋণ দেওয়ার মাধ্যমে আসে, তাহলে অর্থনীতির জন্য এটি কতটা ইতিবাচক? 

ফারুক আহমেদ সিদ্দিকী: এটি অর্থনীতির জন্য খুবই খারাপ লক্ষণ। কারণ, বেসরকারি খাতে ঋণপ্রবৃদ্ধি এখন ৫ শতাংশের নিচে নেমে এসেছে। গত বছর আমার মনে পড়ে, এই প্রবৃদ্ধি ছিল প্রায় ৪ দশমিক ৭ শতাংশ। এর মধ্যে আগের বছরের ঋণের সুদ ও অন্যান্য হিসাবও যুক্ত হচ্ছে। ফলে প্রকৃত নতুন ঋণের প্রবৃদ্ধি আরও কম।  

যেসব ব্যাংকের হাতে অনেক টাকা রয়েছে, তাদের বিপুল পরিমাণ অর্থ অব্যবহৃত পড়ে আছে। সরকারকে ঋণ দেওয়ার পরও ব্যাংকগুলোর হাতে প্রচুর টাকা পড়ে থাকছে। কারণ বেসরকারি খাতে ঋণের চাহিদা নেই।

ব্যাংকে টাকা আছে, কিন্তু ব্যবসায়ীরা ঋণ নিচ্ছেন না। কারণ, দেশে বিনিয়োগের পরিবেশ নেই। বিদেশি বিনিয়োগও বাড়ছে না। বরং বিদেশি বিনিয়োগকারীদের অনেকে অর্থ তুলে নিয়ে যাচ্ছেন। ফলে দেশে চরম বিনিয়োগ খরা চলছে।

ব্যাংকগুলোতে টাকা থাকলেও সেই অর্থ বেসরকারি খাতে বিনিয়োগ হচ্ছে না। এটি আমাদের অর্থনীতির দুর্বলতারই প্রতিফলন। গত ৩৫ বছরের মধ্যে বেসরকারি খাতে ব্যাংকঋণের প্রবৃদ্ধি সর্বনিম্ন পর্যায়ে থাকা প্রমাণ করে, দেশের বিনিয়োগ পরিস্থিতি কতটা খারাপ।  

 

জাগো নিউজ: ভালো ব্যাংকগুলোর আর্থিক প্রতিবেদনে দেখা যাচ্ছে, তাদের হাতে বিপুল পরিমাণ নগদ অর্থ ও তারল্য রয়েছে। তাহলে কি তারা অর্থ ব্যবহার করতে পারছে না? 

ফারুক আহমেদ সিদ্দিকী: হ্যাঁ, ঠিক তাই। যেসব ব্যাংকের হাতে অনেক টাকা রয়েছে, তাদের বিপুল পরিমাণ অর্থ অব্যবহৃত পড়ে আছে। সরকারকে ঋণ দেওয়ার পরও ব্যাংকগুলোর হাতে প্রচুর টাকা পড়ে থাকছে। কারণ বেসরকারি খাতে ঋণের চাহিদা নেই। বিনিয়োগ না থাকায় ব্যাংকগুলো সেই অর্থ ব্যবহার করতে পারছে না।

এ কারণেই আগে ব্যাংকগুলো আমানত সংগ্রহের জন্য মেয়াদি আমানতে ৯, ১০ কিংবা ১১ শতাংশ পর্যন্ত সুদ দিত। এখন দেখবেন অনেক ব্যাংক ৭ থেকে সাড়ে ৭ শতাংশের বেশি সুদ দিতে চায় না। কারণ তাদের টাকার প্রয়োজন নেই। ব্যাংকে প্রচুর আমানত রয়েছে, কিন্তু সেই অর্থ বিনিয়োগ বা ঋণ হিসেবে বিতরণের সুযোগ কম। 

 

জাগো নিউজ: তাহলে কি বলা যায়, ব্যাংক খাতের বর্তমান সংকটের পেছনে একদিকে দুর্বল ব্যাংকের আস্থার সংকট, অন্যদিকে ভালো ব্যাংকের অর্থ ব্যবহারের সুযোগ না থাকা- দুটোই কাজ করছে? 

ফারুক আহমেদ সিদ্দিকী: অবশ্যই। একদিকে যেসব ব্যাংকের খেলাপি ঋণ বেশি, সেসব ব্যাংকের প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে। আমানতকারীরা সেখান থেকে টাকা সরিয়ে নিচ্ছেন। অন্যদিকে ভালো ব্যাংকগুলোতে আমানত বাড়লেও বেসরকারি খাতে বিনিয়োগের চাহিদা নেই। 

ফলে ব্যাংকগুলো সরকারকে ঋণ দিচ্ছে এবং সেখান থেকে মুনাফা করছে। কিন্তু এটি অর্থনীতির জন্য কাঙ্ক্ষিত পরিস্থিতি নয়। বিনিয়োগের পরিবেশ উন্নত না হলে বেসরকারি খাতে ঋণ বাড়বে না। বেসরকারি খাতে ঋণ ও বিনিয়োগ না বাড়লে ব্যাংক খাতের সামগ্রিক অবস্থারও উন্নতি হবে না।