রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় পুরোপুরি মেনে চলার আহ্বান জানিয়েছে ১৪টি দেশ।
সোমবার এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, মিয়ানমার গণহত্যা সনদের অধীনে তার দায়িত্ব লঙ্ঘন করেছে। আইসিজের রায় দেশটির জন্য বাধ্যতামূলক। তাই আন্তর্জাতিক আইনের অধীনে নিজেদের দায়িত্ব পালনের পাশাপাশি আদালতের সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়ন করতে হবে মিয়ানমারকে।
যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, পর্তুগাল, স্পেন, গাম্বিয়া ও যুক্তরাজ্য।
এদিকে যুক্তরাজ্য রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। একই সঙ্গে মিয়ানমারের পাঁচ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় ওই কর্মকর্তাদের সম্পদ জব্দ এবং তাদের যুক্তরাজ্যে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
মিয়ানমারে উড়োজাহাজের জ্বালানি রপ্তানি ও সরবরাহ বন্ধ করতে আইন প্রণয়নের পরিকল্পনার কথাও জানিয়েছে যুক্তরাজ্য।
যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর আরো জানিয়েছে, রোহিঙ্গা ও রাখাইন রাজ্যের অন্যান্য জনগোষ্ঠীর সহায়তায় অতিরিক্ত ৫০ লাখ পাউন্ড দেওয়া হবে। এ অর্থে জীবন রক্ষাকারী জরুরি সেবা এবং মানুষের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। রাখাইন রাজ্যে মানবিক সহায়তার প্রয়োজন সবচেয়ে বেশি। সেখানে প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষের কাছে এই সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।