দেশের বড় খেলাপিদের বড় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক। ১ হাজার কোটি টাকার বেশি- এমন ঋণখেলাপিদের জন্য ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব গ্রাহক দুই বছর ঋণ পরিশোধে বিরতিসহ ১৫ বছর মেয়াদে ঋণ পুনঃতফসিল বা নবায়ন করতে পারবেন। ১ হাজার কোটি টাকার কম অঙ্কের ঋণখেলাপিরা এই সুযোগ পাবেন না। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়েছে, নতুন সুযোগ নিতে আগ্রহীদের সেপ্টেম্বর মাসের মধ্যে আবেদন করতে হবে।
আগামী ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংককে ওইসব আবেদন নিষ্পত্তি করতে হবে। বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তার আওতায় সুবিধা নিয়েছেন, তারা নতুন করে আবেদন জমা দিতে পারবেন। আগে যারা বিশেষ সুবিধার আওতায় ঋণ পুনঃতফসিল করেছেন, তাদের সেই মেয়াদ বাদ দিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, খেলাপি ঋণ কমিয়ে কলকারখানা চালু করতে এই সুবিধা আবার দেওয়া হয়েছে। চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে। এজন্য কয়েকটি বড় শিল্পগোষ্ঠীর ঋণ ‘খারাপ’ হয়ে গেছে। মূলত তাদের সুবিধা দিতে ১ হাজার কোটি টাকার বেশি খেলাপিদের বাড়তি সুযোগ দেওয়া হয়েছে।