ব্যাংকিং খাতে বাড়তি তারল্যের মধ্যে ৯১ দিনের ট্রেজারি বিলের বিশেষ নিলাম ডেকেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে ৫ হাজার কোটি টাকা সংগ্রহ করে সরকারের কাছে সরবরাহ করা হবে। আগামী ১ এপ্রিল এ নিলাম অনুষ্ঠিত হবে বলে কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, বর্তমানে ব্যাংকিং খাতে পর্যাপ্ত তারল্য রয়েছে। গত রোববার স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (রিভার্স রেপো) ব্যবস্থায় ব্যাংকগুলো প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংক-এ জমা রাখে। তবে এ ব্যবস্থায় এক দিনের বেশি অর্থ জমা রাখা যায় না।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, অর্থবছরের শেষ সময়ে সাধারণত সরকারের বড় অঙ্কের অর্থের প্রয়োজন হয়। বর্তমানে পলিসি রেটের চেয়েও কম খরচে ব্যাংক থেকে অর্থ পাওয়া যাচ্ছে। এ সুযোগে সরকার ৯১ দিনের জন্য এই অর্থ সংগ্রহ করছে।
তিনি আরও বলেন, এটি সরকারের ঋণের চাপের কারণে নয়; বরং ব্যাংকিং খাতে বিদ্যমান অতিরিক্ত তারল্য কমানোর একটি উদ্যোগ।
সূত্র জানায়, বর্তমানে ব্যাংকগুলোতে তারল্য ভালো অবস্থায় রয়েছে। একদিকে প্রবাসী আয় বাড়ছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে বেসরকারি খাতে বিনিয়োগ কিছুটা ধীর। ফলে ব্যাংকগুলো পর্যাপ্তভাবে অর্থ বিনিয়োগ করতে পারছে না।
এ ছাড়া জুনের শেষ দিকে কিছু অনুদান আসবে, যার মাধ্যমে এই ঋণ সহজেই পরিশোধ করা সম্ভব হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এর ফলে একদিকে সরকারের অর্থের চাহিদা পূরণ হবে, অন্যদিকে ব্যাংকগুলোর অতিরিক্ত তারল্যও ব্যবস্থাপনায় আসবে।