স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়া, অতিরিক্ত গরম হওয়া কিংবা অকারণে ইন্টারনেট ডেটা খরচ—এসবকে অনেকে যান্ত্রিক সমস্যা মনে করেন। তবে এগুলো স্পাইওয়্যারের উপস্থিতির লক্ষণও হতে পারে। ক্ষতিকর এই সফটওয়্যার ব্যবহারকারীর অজান্তে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে অন্যের কাছে পাঠাতে পারে।
সাইবার নিরাপত্তাবিষয়ক ওয়েবসাইট জেডডিনেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্পাইওয়্যার ফোনে গোপনে সক্রিয় থেকে ব্যবহারকারীর অবস্থান, অনলাইন কার্যক্রম, ফোনকল ও বার্তার তথ্য সংগ্রহ করতে পারে। এমনকি ক্যামেরা ব্যবহার, স্ক্রিনশট নেওয়া এবং পাসওয়ার্ড চুরির সক্ষমতাও রয়েছে এসব সফটওয়্যারের।
সাধারণত ক্ষতিকর অ্যাপ, ভুয়া ইমেইল, এসএমএস কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের সন্দেহজনক লিংকের মাধ্যমে ফোনে স্পাইওয়্যার প্রবেশ করে। কখনো সরাসরি ফোনে প্রবেশাধিকার পেয়েও কেউ ক্ষতিকর সফটওয়্যার ইনস্টল করতে পারে।
ফোনে স্পাইওয়্যার থাকার সম্ভাব্য লক্ষণগুলোর মধ্যে রয়েছে—ব্যবহার না করলেও ব্যাটারি দ্রুত শেষ হওয়া, ফোন অতিরিক্ত গরম হওয়া বা ধীরগতিতে কাজ করা। এ ছাড়া ব্যবহারকারীর নির্দেশ ছাড়াই ক্যামেরা বা জিপিএস চালু হওয়া, ফোন নিজে থেকে রিস্টার্ট নেওয়া কিংবা অ্যাপ বন্ধ হয়ে যাওয়াও সতর্ক হওয়ার কারণ হতে পারে।
ফোনের ডেটা অস্বাভাবিক হারে খরচ হওয়া, অপরিচিত অ্যাপ দেখা, বারবার পপ-আপ আসা কিংবা ব্রাউজারের সার্চ ইঞ্জিন ও হোমপেজ নিজে থেকে বদলে যাওয়াও ক্ষতিকর সফটওয়্যারের ইঙ্গিত হতে পারে। ফোনকলে অস্বাভাবিক শব্দ বা বিকৃতি এবং অপরিচিত আর্থিক লেনদেনও নজরে রাখা জরুরি। তবে এসব লক্ষণ থাকলেই স্পাইওয়্যার রয়েছে, এমনটি নিশ্চিত নয়।
অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে স্টোরের বাইরে থেকে অ্যাপ ইনস্টলের অনুমতি চালু আছে কি না, তা পরীক্ষা করা উচিত। ফোনের নিরাপত্তা সেটিংসের ‘ইনস্টল আননোন অ্যাপস’ অপশনে অপরিচিত কোনো অ্যাপের অনুমতি থাকলে সতর্ক হতে হবে। আইফোনে ম্যালওয়্যারের ঝুঁকি তুলনামূলক কম হলেও সফটওয়্যারের দুর্বলতা বা পুরোনো অপারেটিং সিস্টেমের কারণে ঝুঁকি তৈরি হতে পারে। তাই উভয় ধরনের ফোনের সফটওয়্যার নিয়মিত হালনাগাদ রাখা জরুরি।
স্পাইওয়্যার থেকে বাঁচতে গুগল প্লে স্টোর বা অ্যাপলের অ্যাপ স্টোর ছাড়া অন্য উৎস থেকে অ্যাপ ইনস্টল না করা, অচেনা লিংক ও সংযুক্তি এড়িয়ে চলা এবং অ্যাপের অনুমতিগুলো নিয়মিত পরীক্ষা করা উচিত। পাশাপাশি ফোনে পিন, পাসওয়ার্ড বা বায়োমেট্রিক নিরাপত্তা চালু রাখা, নিরাপত্তা সফটওয়্যার দিয়ে স্ক্যান করা এবং গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করা প্রয়োজন।
সন্দেহজনক অ্যাপ সরানোর পর গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের পাসওয়ার্ডও পরিবর্তন করা উচিত। সম্ভব হলে আক্রান্ত ফোনের পরিবর্তে নিরাপদ অন্য কোনো ডিভাইস থেকে তা করতে হবে।
অন্যান্য পদ্ধতিতে স্পাইওয়্যার সরানো সম্ভব না হলে শেষ উপায় হিসেবে ফোন ফ্যাক্টরি রিসেট করা যেতে পারে। তবে এতে ফোনের তথ্য মুছে যেতে পারে, তাই আগে প্রয়োজনীয় তথ্যের ব্যাকআপ রাখা জরুরি। কিছু উন্নত ম্যালওয়্যার রিসেটের পরও থেকে যেতে পারে।
কেউ যদি মনে করেন পরিচিত কোনো ব্যক্তি তার ফোনে নজরদারি করছেন, তাহলে নিজে থেকে স্পাইওয়্যার মুছে ফেলার আগে সতর্ক হওয়া প্রয়োজন। এতে নজরদারিকারী বিষয়টি জেনে যেতে পারেন। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট সহায়তা সংস্থার পরামর্শ নেওয়া উচিত।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, অভিভাবক বা কর্মীদের নজরদারির জন্য তৈরি কিছু অ্যাপও অপব্যবারের মাধ্যমে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করতে পারে। তাই এসব অ্যাপ ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজন।