Image description

এসএসসি ও সমমনা পরীক্ষায় কৃতকার্য হতে না পারা শিক্ষার্থীদের জন্য বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে অভিভাবকদের তাদের সন্তানের আশ্রয়স্থল হওয়ার আহ্বান জানান।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে বার্তা দেন মন্ত্রী।

বিজ্ঞাপন

অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘যারা এবারের এসএসসি পরীক্ষায় কৃতকার্য হতে পারোনি, আজ তোমাদের উদ্দেশে কিছু কথা বলতে চাই। আমি জানি, আজকের দিনটি তোমাদের জন্য খুবই বেদনার আর হতাশার। বন্ধুদের আনন্দ, পরিবারের নীরবতা, আর নিজের ভেতরের অস্বস্তি, সব মিলিয়ে মনে হতে পারে সবকিছু বুঝি থেমে গেল। না থামেনি। কিছুই থামেনি।’

ফলাফল শিক্ষার্থীদের পরিচয় নয় জানিয়ে মন্ত্রী বলেন, ‘আজকের ফলাফল তোমার পরিচয় নয়, সেটি কেবল পরীক্ষার সেই নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট কয়েক ঘণ্টায় তোমার খাতায় লেখার একটা হিসাব মাত্র। তোমার পরিশ্রম, তোমার স্বপ্ন, এসবের কোনো নম্বর হয় না।’

 

অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কতটা কষ্টকর তা অনুভব করছেন বলে জানান শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘প্রতিবেশীর কৌতূহল, আত্মীয়ের তুলনা, সহপাঠীদের উপেক্ষা সব মিলিয়ে তোমাদের ওপরে হয়তো এক গভীর হতাশা ভর করেছে।’

অভিভাবকদের তাদের সন্তানের আশ্রয়স্থল হওয়ার পরামর্শ দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, ‘আপনার সন্তান হয়তো আজ সবচেয়ে বেশি ভয় পাচ্ছে আপনার মুখের দিকে তাকাতে। এই মুহূর্তে আপনার একটা কঠিন বাক্য, উপেক্ষা, ভর্ৎসনার চাইতে দরকার একটু আদর, স্নেহময় কথা। ঘরটিকে ওর জন্য আদালত নয়, আশ্রয় করে তুলুন।’

শিক্ষকবৃন্দের প্রতি অকৃতকার্য শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান মন্ত্রী। কেন শিক্ষার্থী পিছিয়ে পড়ল, সেই কারণ খুঁজে বের করার দায়িত্ব শিক্ষকদের। মন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের ব্যর্থতার দায় কেবল তাদের নয়, আমাদেরও।’

শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘অকৃতকার্য শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দিন। কেন সে পিছিয়ে পড়ল, সেই কারণ খুঁজে বের করা আমাদের দায়িত্ব, ব্যর্থতার দায় কেবল শিশুটির নয়, আমাদেরও।’